বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে প্রকৃত উন্নয়ন হবে, কোনো লুটপাট নয়। উন্নয়নের নামে চুরি-ডাকাতি করতে দেওয়া হবে না। ফ্যাসিস্ট হাসিনা উন্নয়নের চেয়ে লুটপাট বেশি করায় দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। বর্তমান সরকার জনগণের সরকার, কোনো ষড়যন্ত্রই এই সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে পারবে না। সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে।
রোববার বেলা ১১টায় শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে নতুন ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ সিরাজ আরো বলেন, তারেক রহমানের সরকার ব্যস্ত রয়েছে দেশের উন্নয়ন নিয়ে, আর একটি মহল ব্যস্ত রয়েছে নানা ষড়যন্ত্র নিয়ে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম শাহনেওয়াজ ও নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ আপেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, শেরপুর থানার ওসি একরামুল হোসাইন, পিয়ার হোসেন পিয়ার, জাহিদুল ইসলামসহ জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।