ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মোঃ রাশেদ মিজান স্বারক্ষিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, এমপি; মোছা. তাহসিনা রুশদীর, এমপি; মো. সেলিমুজ্জামান মোল্যা, এমপি; মো. জাহান্দার আলী মিয়া, এমপি; বীথিকা বিনতে হোসাইন, এমপি; মো. মুজিবুর রহমান, এমপি এবং আতিকুর রহমান মোজাহিদ, এমপি অংশ নেন।
বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন স্থায়ী কমিটিকে অবহিত করা হয় এবং ০১-১২ তম নিবন্ধনকারী শিক্ষকদের বিষয়ে NTRCA কর্তৃক গৃহীত সর্বশেষ সিদ্ধান্ত কমিটিকে অবহিত করা হয়। কমিটি ০১-১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সুপারিশ করে।
এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর সার্বিক কার্যক্রমের বিষয়ে কমিটিকে অবহিত করা হয়। বৈঠকে কারিগরি শিক্ষার মানোন্নয়নের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
বৈঠকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহ-সুপার, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত বিষয়ে জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কমিটিকে অবহিত করে। চলমান নিয়োগ প্রক্রিয়ার মৌখিক পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে বলেও জানানো হয়।
বৈঠকে সিনিয়র শিক্ষা সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, জাতীয় বিশ্ববিদ্যালয়, এনটিআরসিএ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), মন্ত্রণালয়ের আওতাধীন সংশ্লিষ্ট অধিদপ্তর ও শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।