পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে চলে যায়।
বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা সংস্থাটির শাখা অফিসের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়। পরে অফিসের থাইগ্লাস ভেঙে ফেলে। যাওয়ার সময় অফিসের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এ সময় ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে বাড়ির মালিক, অফিসের কর্মীসহ স্থানীয়রা ছুটে আসেন। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আসাদুজ্জামান বলেন, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি। তবে এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশের টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে পুলিশের আরেকটি দল গিয়ে তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।