জাতিসংঘের প্রতিবেদককে স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৩:০৫:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৩:০৫:৫৫ অপরাহ্ন





স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দাপ্তরিক নথিপত্রে রোহিঙ্গা সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে প্রায় ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। দীর্ঘ দিন ধরে এ বিপুল জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য এক বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে।


বুধবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

সাক্ষাৎকালে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা ও রোহিঙ্গা ক্যাম্পগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।

​স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব আন্তর্জাতিক প্রচেষ্টার মূল লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা। এর পাশাপাশি আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলার রায় ঘোষণা পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান তিনি।


​জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের দীর্ঘদিন ধরে মানবিক আশ্রয় ও সেবা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত ঐতিহাসিক মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে জানান, জাতিসংঘ ও এর আন্তর্জাতিক সহযোগীরা প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি রোহিঙ্গাদের তাদের নিজ দেশে নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

​বৈঠকে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় মাদক, অস্ত্র পাচার ও সাইবার অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থাসমূহের সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় ট্রেনিং ও আধুনিক প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।

এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মিয়ানমার সরকারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির তাগিদ দেওয়া হয়।


​সাক্ষাৎকালে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী টমাস হুনেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com