সংসদ সদস্যদের (এমপি) প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। তৃণমূল পর্যায়ে জনগণের তাৎক্ষণিক ও জরুরি চাহিদা মেটাতে এ টাকা ব্যয় করবেন তারা। এ জন্য উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে সরাসরি সংসদ সদস্যদের অনুকূলে ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বাজেট বরাদ্দ চাওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে এ বরাদ্দ চেয়ে দুটি আলাদা চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়, এই অর্থ থেকে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায়দের সহায়তা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক খাতে তাৎক্ষণিকভাবে ব্যয় করতে পারবেন তারা।
চিঠিতে সিটি করপোরেশন এলাকার বাইরের ২৬৪ জন সংসদ সদস্যের জন্য ৫ কোটি টাকা করে মোট ১৩২০ কোটি টাকা এবং সিটি কর্পোরেশন এলাকার ৩৬ জন সংসদ সদস্যের জন্য ৫ কোটি টাকা করে ১৮০ কোটি টাকা বিশেষ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। দুটি মিলিয়ে ৩০০ এমপির জন্য প্রয়োজন হবে মোট ১ হাজার ৫০০ কোটি টাকা।
অর্থসচিবকে দেওয়া চিঠিতে স্থানীয় সরকার সচিব জানান, দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের পর জনগণের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশাও অনেক বেশি। সংসদীয় ব্যবস্থা চালু হওয়ায় তৃণমূল পর্যায়ের মানুষ তাদের ছোটখাটো অথচ অতি জরুরি চাহিদাগুলো সংসদ সদস্যদের কাছে উপস্থাপন করছেন। সংসদ সদস্যরা নির্বাচনি এলাকায় গিয়ে মানুষের সমস্যা শুনলেও তাদের বর্তমান ‘ঐচ্ছিক তহবিল’ অত্যন্ত সীমিত হওয়ায় এই বিশাল ও তাৎক্ষণিক চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।
আরও জানান, বর্তমানে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলে ৫ লাখ টাকা বরাদ্দ থাকে। এই যৎসামান্য অর্থ দিয়ে বিশাল ও তাৎক্ষণিক চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে প্রতিটি সংসদীয় আসনের বিপরীতে সংসদ সদস্যের অনুকূলে বার্ষিক ৫ কোটি টাকার বিশেষ বাজেট বরাদ্দ দেওয়া প্রয়োজন।
তবে সরকারের আর্থিক সংকটের সময়ে এ ধরনের উদ্যোগ ‘প্রশ্নবিদ্ধ’ মনে করছেন বিশেষজ্ঞরা।
তাদের মতে, সংসদ সদস্যদের সরাসরি এ ধরনের বরাদ্দ দিলে সেটি উপজেলা পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশনের মতো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন কাজের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। অতীতেও বিভিন্ন সময়ে সংসদ সদস্যদের অনুকূলে বিশেষ বরাদ্দ বা বিভিন্ন প্রকল্প দেওয়ার নজির রয়েছে। এ ধরনের বরাদ্দ সংসদ সদস্যদের জন্য আইন প্রণয়ন ও তদারকির মূল কাজের বাইরে গিয়ে স্থানীয় পর্যায়ে দলীয় বা রাজনৈতিক প্রভাব বিস্তার এবং স্বজনপ্রীতির সুযোগ তৈরি করেছে। তা ছাড়া এটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্বাধীন কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপের ঝুঁকি বাড়াতে পারে বলেও মনে করেন তারা।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমে ১৫ কোটি এবং পরে ২০ কোটি টাকা এমপিদের অনুকূলে বিশেষ উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছিল।
এই অর্থ ভিন্ন খাতে ব্যবহার হয় বলে জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, অতীত অভিজ্ঞতা ও তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, থোক বরাদ্দের সিংহভাগই উন্নয়নের নামে দলীয়করণের কাজে ব্যবহৃত হয়। এর মাধ্যমে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং জনগণের অর্থের অপচয়ের সুযোগ তৈরি হয়।