আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সীমিত পরিসরে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল। তবে টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের (ওঅ্যান্ডএম) দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামকে দেওয়ার প্রক্রিয়ায় সরকারের দেওয়া ‘বড় ছাড়’ এবং চুক্তির কয়েকটি শর্ত নিয়ে তীব্র সমালোচনা ও বিতর্ক দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোকে পেছনে ফেলে জাপানি কনসোর্টিয়াম এই দায়িত্ব পেতে যাচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালনা পর্ষদ জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবটি অনুমোদন করে চূড়ান্ত অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
বেবিচক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাইকার অর্থায়নে নির্মিত এই টার্মিনাল পরিচালনার ক্ষেত্রে জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত বেশ কয়েকটি শর্ত নিয়ে শুরু থেকেই মতবিরোধ চলছিল, যার অনেকগুলোতেই সম্মত হয়েছে বেবিচক:টার্মিনাল ১ ও ২ বন্ধ রাখা: থার্ড টার্মিনাল চালু হলে বর্তমান প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখতে হবে।প্রতিযোগী বিমানবন্দরে নিষেধাজ্ঞা: আগামী ১৫ বছর শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে কোনো প্রতিযোগী বেসামরিক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালু করা যাবে না।
রাজস্ব ভাগাভাগিতে ছাড়: পূর্বনির্ধারিত চুক্তি অনুযায়ী বিদেশি পক্ষের ২৭ শতাংশ রাজস্ব বাংলাদেশকে দেওয়ার কথা ছিল। কিন্তু অপারেশনাল প্রস্তুতি পর্বের (ওপিসিটি) আট মাসের জন্য তারা মাত্র সাড়ে ১৩ শতাংশ রাজস্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে, যা নির্ধারিত হারের চেয়ে প্রায় ১৪ শতাংশ কম।
গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ঝুঁকি: টার্মিনাল পরিচালনা বিদেশিদের হাতে থাকলেও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সার্বিক দায়দায়িত্ব ও ঝুঁকি বহন করতে হবে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসকেই।
বিশেষ আইনি সুবিধা: দেশের সাধারণ আইনি পরিবর্তন তাদের ওপর প্রয়োগ না করার শর্ত দিয়ে বিশেষ আইনি সুরক্ষা ও দায়মুক্তি চেয়েছে জাপানি পক্ষ। যদিও সরকার সব বিদেশি বিনিয়োগকারীর জন্য প্রযোজ্য সাধারণ আইনের বাইরে বিশেষ ছাড় দিতে একমত নয়।
তড়িঘড়ি করে ১৬ ডিসেম্বরের লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে দীর্ঘমেয়াদি অসম শর্ত মেনে নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন খাতসংশ্লিষ্টরা। বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিজস্ব জনবল বাড়িয়ে বেবিচক পরিচালনা করলে দেশ আর্থিকভাবে লাভবান হতো; কিন্তু বর্তমান শর্তে জাপানই বেশি লাভবান হবে।
এ ছাড়া সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও প্রশ্ন উঠেছে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রথম ও দ্বিতীয় টার্মিনাল বন্ধ রাখলে সেগুলোর বিপুল অবকাঠামো ও সক্ষমতা কীভাবে কাজে লাগানো হবে।
২০১৭ সালে ১৩ হাজার ৬১০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রকল্পটি অনুমোদন পায়। পরবর্তীতে দফায় দফায় নকশা পরিবর্তন ও কাজের পরিধি বাড়ায় ৩ দফা সংশোধনীর পর বর্তমানে এর মোট ব্যয় দাঁড়িয়েছে ২২ হাজার ২১৩ কোটি টাকায়।
এদিকে ১৬ ডিসেম্বর থেকে কার্যক্রম শুরুর লক্ষ্যে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব হস্তান্তরের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লাইসেন্সের কার্যপরিধি সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হয়েছে।