পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের একুয়াকালচার বিভাগের চেয়ারম্যান হিসেবে পরবর্তী তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রাজ্জাক। গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাককে পরবর্তী তিন বছরের জন্য একুয়াকালচার বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও সংবিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, "বিভাগের শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করাই আমার লক্ষ্য। শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতায় একটি উন্নত, গবেষণানির্ভর ও শিক্ষার্থীবান্ধব একাডেমিক পরিবেশ গড়ে তুলতে চাই। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর একুয়াকালচার গবেষণা, জলজসম্পদের টেকসই ব্যবহার এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্ব দেব।"
অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রাজ্জাক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজে স্নাতক, একুয়াকালচারে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ধানক্ষেতে মাছ ও চিংড়ির সমন্বিত চাষ, উৎপাদনশীলতা, পুষ্টি উপাদানের প্রবাহ এবং জলজ পরিবেশের ওপর এর প্রভাব ছিল তাঁর পিএইচডি গবেষণার বিষয়।
২০১৫ সালে পবিপ্রবিতে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন তিনি। ২০২০ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২৪ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। এর আগে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত মৎস্য অধিদপ্তরের উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
একুয়াকালচার, জলজ প্রাণীর স্বাস্থ্য, মাছ ও চিংড়ির উৎপাদন ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীল মৎস্যচাষ তাঁর গবেষণার অন্যতম ক্ষেত্র। জার্মানির ডয়েচে ফোরশুংসমাইনশাফটের (DFG) অর্থায়নে ইউনিভার্সিটি অব হোহেনহাইমের সঙ্গে সমন্বিত ধান-মাছ-চিংড়ি চাষ গবেষণায় গবেষণা ফেলো হিসেবে কাজ করেছেন তিনি। ডেনমার্কের ড্যানিডা (DANIDA) অর্থায়নে পবিপ্রবি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের যৌথ গবেষণা প্রকল্পেও প্রধান গবেষক ও টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল চিংড়ি চাষ, এশিয়ান সিবাস উৎপাদন, গলদা চিংড়িতে ভারী ধাতুর উপস্থিতি এবং মাছের খামারে অ্যান্টিবায়োটিক ও আর্সেনিক শনাক্তকরণ নিয়েও তাঁর গবেষণা রয়েছে। এ পর্যন্ত ২৫ জন এমএস ও ২৭ জন স্নাতক শিক্ষার্থীর গবেষণা তত্ত্বাবধান করেছেন তিনি। ২০২৪ সালে ডেনমার্কের কোপেনহেগেনে ওয়ার্ল্ড একুয়াকালচার সোসাইটির আন্তর্জাতিক সম্মেলনেও অংশ নেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক প্রকল্প পরিচালনার অভিজ্ঞতা পবিপ্রবির একুয়াকালচার বিভাগের একাডেমিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। বিশেষ করে উপকূলীয় মৎস্যসম্পদের টেকসই ব্যবহার, আধুনিক চাষপ্রযুক্তির সম্প্রসারণ এবং দক্ষ গবেষক তৈরিতে বিভাগটি আরও কার্যকর ভূমিকা রাখবে।