দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৫:১৪:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৫:১৪:৩৩ অপরাহ্ন



দেশে যেন পুনরায় ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে শিল্পী, লেখক ও কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।



রোববার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্ম পরিচালক, লেখক, শিল্পী ও কলাকুশলী কল্যাণ ট্রাস্ট বাস্তবায়ন প্রস্তুতি কমিটির সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফ্যাসিবাদ ফিরে এলে দেশের গণতন্ত্র আবারও বাধাগ্রস্ত হবে। গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য যারা প্রাণ দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের সঙ্গে বেঈমানি করা হবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন ও সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মের পরিচালক, লেখক, শিল্পী ও কলাকুশলীদের কল্যাণে ট্রাস্ট গঠনের দাবির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, এ ট্রাস্ট গঠনের প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে। এ জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তবে ট্রাস্টটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে, নাকি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে গঠন করা হবে, তা নিয়েও আলোচনা প্রয়োজন।

ইয়াসের খান চৌধুরী বলেন, সরকারি উদ্যোগে কোনো কল্যাণ ট্রাস্ট গঠন করা হলে তা বিদ্যমান সরকারি ট্রাস্টগুলোর নীতিমালা ও নিয়মকানুন অনুসরণ করেই পরিচালনা করতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিক কল্যাণ ট্রাস্টসহ অন্যান্য কল্যাণমূলক ট্রাস্টের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। ট্রাস্টের কাঠামো ও পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রেও সরকারি নীতিমালা অনুসরণ করতে হবে।

তিনি বলেন, ট্রাস্ট গঠনের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত ও পরামর্শ গুরুত্বপূর্ণ। তাঁদের প্রস্তাবগুলো পর্যালোচনা করা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি সংস্কৃতি মন্ত্রণালয়ের সম্পৃক্ততাও প্রয়োজন হতে পারে। আলোচনার মাধ্যমে কোন মন্ত্রণালয়ের অধীনে ট্রাস্টটি গঠন করা হবে, তা নির্ধারণ করা হবে।

ট্রাস্ট গঠনে কিছুটা সময় লাগতে পারে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এক দিনে সবকিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে সরকার দ্রুত এ কার্যক্রম শুরু করতে চায়। যত কম সময়ের মধ্যে ট্রাস্ট গঠনের উদ্যোগ সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে কাজ করা হবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা করবেন তিনি।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com