রাষ্ট্রদ্রোহের মামলায় ৪ দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর, দায় নেবে না পুলিশ

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৫:১৬:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৫:১৬:৫৬ অপরাহ্ন




চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের সিএমপির অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়েরের আগে সরকারের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, এসপি জাহাঙ্গীর আলমের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না। এটি তার ব্যক্তিগত দায়। এ ধরনের কর্মকাণ্ডে যারাই জড়িত হবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একজন এসপি পদমর্যাদার কর্মকর্তার গ্রেপ্তারে বাহিনীর মধ্যে মানসিক চাপ তৈরির কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

সিএমপি কমিশনার জানান, রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা রয়েছে। শনিবার সরকারের অনুমোদন পাওয়ার পর পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

ফোনের বার্তা ঘিরে তদন্ত

মামলার এজাহার অনুযায়ী, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ রয়েছে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। একই সঙ্গে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও আনা হয়েছে।

এজাহারের বরাত দিয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তায় আগামী ডিসেম্বরে জনগণকে মাঠে নামার বিষয়ে উল্লেখ ছিল। সেখানে ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন এবং বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজপথে নামার প্রসঙ্গও তুলে ধরা হয়। তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী এর আগে জানিয়েছিলেন, জাহাঙ্গীর আলমের ফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা এবং দলটির নেতাদের মাঠে নামার আহ্বানসংক্রান্ত বার্তা পাওয়া গেছে। পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিকল্পনা ও পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগেরও তথ্য পাওয়া যায়।

ফরেনসিক পরীক্ষার পর মামলা

পুলিশ সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। ওই দিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

ডিআইজির বক্তব্য অনুযায়ী, ফরেনসিক পরীক্ষায় অভিযোগের পক্ষে তথ্য পাওয়ার পর তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।

সিএমপি কমিশনার জানিয়েছেন, মামলাটির তদন্ত করবে পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। গ্রেপ্তারের পর জাহাঙ্গীর আলমকে এই ইউনিটের হেফাজতে রাখা হয়েছে বলে তিনি জানান।

এদিকে, ঘটনাটি নিয়ে বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।

উল্লেখ্য, একই ধরনের রাষ্ট্রদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগে এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেও গ্রেপ্তার করা হয়েছিল। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com