শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০১:৪৫:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০১:৪৫:০৮ অপরাহ্ন



রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে ১০ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে দুপুর ১২টা ১ মিনিটে হাজির করা হয় মামলার অপর আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে।


এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের শুনানির দিন ধার্য রয়েছে। শেখ হাসিনাসহ এ মামলায় মোট আসামি ৪১ জন। তাদের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করছেন আসামিপক্ষের আইনজীবীরা।


ট্রাইব্যুনালে হাজির করা ১১ আসামি হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

প্রিজন ভ্যান থেকে নামানোর পর দীপু মনি, ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া অন্য আসামিদের হাতে হাতকড়া ছিল। তাদের বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। এ সময় ইনু, লতিফ সিদ্দিকীসহ অধিকাংশ আসামিকে গম্ভীর দেখা যায়। তবে শামসুল হক টুকুর মুখে স্বাভাবিক হাসি ছিল।

১২ নভেম্বর বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন

গত ১২ নভেম্বর মামলার ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ওই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষের শুনানিতে তিনি আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ তুলে ধরেন এবং অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

শুনানি শেষে আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এর ধারাবাহিকতায় আজ আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গত ১ নভেম্বর শুনানির দিন ধার্য থাকলেও সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক অসুস্থ থাকায় কার্যক্রম পিছিয়ে দেওয়া হয়েছিল।


মামলায় দুটি অভিযোগ

প্রসিকিউশনের পক্ষ থেকে মামলায় দুটি প্রধান অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৩২ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

দ্বিতীয় অভিযোগে পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ এনেছে প্রসিকিউশন। অভিযোগগুলো এখনো বিচারিক প্রক্রিয়ার অংশ।

৪১ আসামির মধ্যে গ্রেপ্তার ১১, পলাতক ৩০

এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি ৩০ জনকে পলাতক ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে।

গত ২৭ জুলাই ট্রাইব্যুনাল-২ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। পরে পলাতক আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দিয়ে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় ১৬ সেপ্টেম্বর তাদের পলাতক ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com