৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা চালু, চাকরির বাজারে কতটা বাড়বে সুযোগ

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০২:১৮:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০২:১৮:৪৯ অপরাহ্ন



বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরি হচ্ছে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এ শিক্ষা কার্যক্রম চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। চীনা, জাপানি, কোরীয়, জার্মান, ফরাসি ও আরবি ভাষাকে এ ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। সরকারের লক্ষ্য বিদেশি ভাষায় দক্ষ তরুণদের জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। তবে এ উদ্যোগ বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্নও রয়েছে।


বিদেশি ভাষা শেখার সুফল যে শুধু বিদেশে চাকরি পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, তার উদাহরণ মিয়াদ হোসাইন। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে চীনা বা মান্দারিন ভাষা নিয়ে পড়াশোনা শুরু করেন তিনি। দ্বিতীয় বর্ষে ওঠার পরই বাংলাদেশের একটি চীনা প্রতিষ্ঠানে খণ্ডকালীন দোভাষী হিসেবে কাজ পান। তখন থেকেই মাসে ৪০ হাজার টাকা আয় করতে শুরু করেন।

মিয়াদ হোসাইন বলেন, শুরুতে তিনি চীনা ভাষায় এক-দুই লাইন কথা বলতে পারতেন। দোভাষী হিসেবে কাজ শুরু করার পর তার ভাষাগত দক্ষতা বাড়তে থাকে। সেই সঙ্গে বাড়ে বেতনও।

খণ্ডকালীন চাকরির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। পরে বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেন। বর্তমানে চীন থেকে বাংলাদেশে মোবাইল যন্ত্রপাতি আমদানি করছেন। চীনা ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে এ ব্যবসা শুরু করেন। বাংলাদেশে ব্যবসায়িক অংশীদার হিসেবে কাজ করায় তাকে নিজে কোনো বিনিয়োগ করতে হয়নি।

মিয়াদ হোসাইন বলেন, চীনা ভাষায় দক্ষতা থাকায় তিনি বিনিয়োগ ছাড়াই ব্যবসা শুরু করার সুযোগ পেয়েছেন।

তার ভাষায়, শূন্য হাতে ব্যবসা শুরু করলেও এখন কোটি কোটি টাকার ব্যবসা চলছে।


বাংলাদেশে বিদেশি ভাষা শেখার আগ্রহ বাড়ছে তরুণদের মধ্যে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া কিংবা চাকরির বাজারে নিজেদের যোগ্যতা বাড়াতে অনেকেই বাংলা ও ইংরেজির বাইরে অন্য ভাষা শিখছেন। বিশেষ করে চীনা, জাপানি, কোরীয়, জার্মান ও আরবি ভাষার প্রতি আগ্রহ বাড়ছে। এসব ভাষা জানা থাকলে বিদেশে চাকরির পাশাপাশি দেশেও বহুজাতিক প্রতিষ্ঠান, বিদেশি বিনিয়োগকারী কোম্পানি, পর্যটন, অনুবাদ, শিক্ষা ও আন্তর্জাতিক বাণিজ্য খাতে কাজের সুযোগ তৈরি হচ্ছে।

সরকারও এ চাহিদাকে গুরুত্ব দিচ্ছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে। নতুন শিক্ষাক্রমে একটি বিদেশি ভাষা যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাধ্যমিক পর্যায়ের পর প্রাথমিক শিক্ষায়ও এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা চালুর কথা ভাবছে সরকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক মো. আফজাল হোসেনের মতে, ইংরেজির পাশাপাশি অন্যান্য বিদেশি ভাষাও দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। এ কারণে তরুণদের মধ্যে এসব ভাষা শেখার আগ্রহ বাড়ছে।

তিনি বলেন, শুধু বিদেশে চাকরির জন্য নয়, বাংলাদেশেও বিদেশি ভাষা জানা তরুণদের কাজের সুযোগ তৈরি হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা করছে। এসব প্রতিষ্ঠানে চীনা, জাপানি ও কোরীয় ভাষায় দক্ষ কর্মীদের প্রয়োজন হচ্ছে।

বিদেশি ভাষা জানলে চাকরির সুযোগ কতটা

বিদেশি ভাষা শেখার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পাওয়ার আরেকটি উদাহরণ মো. আরিফুজ্জামান। ঢাকার একটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি। তবে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়েন। পরে ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে কোরীয় ভাষা শেখেন। ভাষা শেখার পর প্রয়োজনীয় কয়েকটি ধাপ সম্পন্ন করে দক্ষিণ কোরিয়ায় যান। সেখানে একটি শিল্পপ্রতিষ্ঠানে চাকরি নেন।

পাঁচ বছর চাকরি করার পর অর্জিত সঞ্চয় নিয়ে দেশে ফিরে ব্যবসা শুরু করেন। এখন ধীরে ধীরে তার ব্যবসার পরিধি বাড়ছে। আরিফুজ্জামান জানান, কোরীয় ভাষায় দক্ষতা থাকায় দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটিতে ভালো বেতনে চাকরি পেয়েছিলেন তিনি।

বিদেশি ভাষার চাহিদা শুধু বিদেশের শ্রমবাজারেই সীমাবদ্ধ নেই। বাংলাদেশে কর্মরত বহুজাতিক কোম্পানি, দূতাবাস ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোতেও এসব ভাষায় দক্ষ কর্মীর প্রয়োজন হচ্ছে।

মিয়াদ হোসাইন বলেন, বাংলাদেশে ব্যবসা করতে আসা চীনা প্রতিষ্ঠান ও নাগরিকেরা চীনা ভাষায় দক্ষ কর্মী খোঁজেন। কারণ, অনেক চীনা নাগরিক ইংরেজিতে স্বচ্ছন্দ নন। ফলে চীনা ভাষা জানা ব্যক্তিরা এসব প্রতিষ্ঠানে কাজের ক্ষেত্রে বাড়তি সুবিধা পান।

চীনা ও কোরীয় ভাষার পাশাপাশি জার্মান, ফরাসি ও জাপানি ভাষারও চাহিদা রয়েছে। এ চাহিদার কথা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে চীনা, জাপানি, ফরাসি ও ইংরেজি ভাষায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে। এ ছাড়া আরও কয়েকটি ভাষার ওপর বিভিন্ন কোর্স চালু আছে।

অধ্যাপক মো. আফজাল হোসেন বলেন, তৃতীয় ভাষা শেখার ফলে শুধু সংশ্লিষ্ট দেশগুলোতেই নয়, অন্যান্য দেশেও চাকরির সুযোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশেও কর্মসংস্থানের পথ খুলছে।


দোভাষীর কাজের চাহিদা এখন সবচেয়ে বেশি বলে জানান তিনি। অধ্যাপক আফজাল হোসেনের ভাষ্য, সাধারণ শিক্ষায় পড়াশোনা করা ব্যক্তিদের তুলনায় ভাষা শিক্ষার কোর্স করা বা এ বিষয়ে স্নাতক সম্পন্ন করা ব্যক্তিরা তিন থেকে চার গুণ বেশি বেতন পাচ্ছেন। বর্তমানে অনেক ক্ষেত্রে তাঁদের ন্যূনতম বেতন ৬০ থেকে ৭০ হাজার টাকা।

তৃতীয় ভাষা শিক্ষায় সরকারের পরিকল্পনা

নির্বাচনি ইশতেহারেও তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছিল বর্তমান বিএনপি সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তৃতায় বিদেশি ভাষায় দক্ষ শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন।

এর পাশাপাশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলা ও ইংরেজির সঙ্গে তৃতীয় একটি ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিবিসি বাংলাকে বলেন, সরকারের প্রধান লক্ষ্য অর্থনৈতিক উন্নয়ন। এ লক্ষ্য অর্জনে বিদেশি ভাষায় দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, প্রথমে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু করা হবে। এরপর ধাপে ধাপে প্রাথমিক বিদ্যালয়েও এ কার্যক্রম নেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে জাপানি ও চীনা ভাষা চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকে এ শিক্ষা শুরু হতে পারে।

সরকারের পরিকল্পনার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ ইতিমধ্যে চূড়ান্ত করেছে ইউজিসি। সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, আগামী ডিসেম্বরের মাঝামাঝি দেশের ৪০টি সরকারি ও ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শেখার কোর্স চালু করা হবে।

তিনি জানান, যেসব বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই ভাষা শিক্ষা কেন্দ্র বা ইনস্টিটিউট রয়েছে, সেগুলোকে বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হবে। দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক অবস্থান বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন করা হবে।

এসব কোর্সে মাতৃভাষী শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান। তার মতে, সংশ্লিষ্ট ভাষার মাতৃভাষীরা ভালোভাবে শেখাতে পারবেন। তরুণদের চাকরি ও কর্মসংস্থানের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ। তৃতীয় ভাষা হিসেবে চীনা, জাপানি, জার্মান, ফরাসি, কোরীয় ও আরবি ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে।

তবে উদ্যোগটি সময়োপযোগী হলেও এর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষাবিদেরা। তাদের মতে, শুধু কোর্স চালু করলেই হবে না, এর জন্য প্রয়োজনীয় শিক্ষক, পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়গুলোও আগে থেকে বিবেচনায় নিতে হবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহাবুল হক মনে করেন, তৃতীয় ভাষা শিক্ষা চালুর আগে সুনির্দিষ্ট পরিকল্পনা করা জরুরি। উদ্যোগটি বাস্তবায়নযোগ্য কি না, সেটিও যাচাই করা প্রয়োজন। তা না হলে ভালো উদ্দেশ্যে নেওয়া কর্মসূচিও কার্যকর নাও হতে পারে।

তিনি বলেন, কোন ভাষার জন্য কতজন শিক্ষক প্রয়োজন, তাদের দক্ষতা কতটা এবং শিক্ষার্থীরা শেখা ভাষা বাস্তব জীবনে কতটা কাজে লাগাতে পারবেন, তা আগে নির্ধারণ করতে হবে। ভাষা শেখার পর নিয়মিত চর্চা না থাকলে শিক্ষার্থীরা তা ভুলে যেতে পারেন। তাই কোর্স চালুর পাশাপাশি ভাষা ব্যবহারের সুযোগ তৈরির বিষয়টিও পরিকল্পনায় রাখতে হবে।

অধ্যাপক সাহাবুল হকের মতে, এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার পরই তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম চালু করা উচিত।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com