সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্ত এখন থাকবে ক্যামেরা, ড্রোন আর সার্চলাইটের নজরদারিতে। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, পুশ-ইন আর ভারতীয় পণ্য আসা ঠেকাতে ৪০টি স্থান চিহ্নিত করেছে বিজিবি। প্রতিটি স্থানে বসানো হবে অত্যাধুনিক নজরদারি ক্যামেরা।
গত দুই দিনে সাতটি স্থানে ক্যামেরা বসানো হয়ে গেছে। স্থানগুলো হলো—তাহিরপুরের চারাগাঁও, লালঘাট, লাকমা, বারেকের টিলা, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর।
বিজিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, যেসব পথ দিয়ে অতীতে মানুষ এপার-ওপার করেছে, বিশেষ করে গাড়ি আর মোটরসাইকেলে যাতায়াতের ইতিহাস আছে, সেসব জায়গাকেই আগে বাছাই করা হয়েছে। স্পট বাছাই করার আগে বিজিবির কর্মকর্তারা নিজেরা গিয়ে জায়গাগুলো ঘুরে দেখেছেন। পুলিশসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার পরামর্শও নিয়েছেন তারা।
রঞ্জিত কাণ্ডের পর সীমান্তে অভিযান জোরদার করেছে বিজিবি। এরই মধ্যে দোয়ারাবাজার সীমান্ত এলাকা থেকে সাতজন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়।
তাহিরপুর সীমান্তের এলসি পয়েন্ট চারাগাঁও, লালঘাট, লাকমা, বারেকের টিলাসহ চিহ্নিত পয়েন্টগুলো এখন নজরদারির আওতায়। সব ক্যামেরার মনিটরিং হবে ২৮ বিজিবির মনিটরিং কক্ষ থেকে। পাশাপাশি ব্যাটালিয়ন অধিনায়কের মোবাইলের সঙ্গেও ক্যামেরাগুলোর সংযোগ থাকবে। কেউ ক্যামেরা ভাঙার বা নষ্ট করার চেষ্টা করলেই ধরা পড়বে এবং দ্রুত ব্যবস্থা নেবে বিজিবি। যেখানে বিদ্যুৎ নেই, সেখানে সোলার প্যানেল বসিয়ে ক্যামেরা সচল রাখা হবে।
সীমান্তের বাসিন্দা মিজানুর রহমান বলেন, সীমান্ত এলাকার ৪০টি পয়েন্টে শুধু সিসি ক্যামেরা বসালে হবে না। আরো কিছু জায়গা আছে, সেদিকেও নজরদারি বাড়াতে হবে।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেটের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি রঞ্জিত সরকার সিলেট নগর থেকে ২৬ কিলোমিটার দূরে রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’-এ সভা করেন। সেখানে সরকারের সমালোচনা করে বক্তব্য দেন তিনি। পরে আবার সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। পরদিন নিজের ফেসবুক আইডিতে রঞ্জিত এই ভিডিও আপলোড করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। জাতীয় সংসদসহ জাতীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত জনবল, বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার, মাদক ও অবৈধ অস্ত্রসহ সব ধরনের চোরাচালান ঠেকাতে অভিযান চলছে। নজরদারি বাড়াতে ড্রোন, সিসি ক্যামেরা ও সার্চলাইট বসানো হয়েছে, যা আরও বাড়ানো হবে।
তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় ২৮ বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। যেকোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এই কঠোর কার্যক্রম অব্যাহত থাকবে।