গণপূর্ত অধিদপ্তরের বহির্ভূত স্থাপনা সংশ্লিষ্ট অভিযোগসমূহ আরও স্বচ্ছ, দ্রুত ও কার্যকরভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে ‘ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যার ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। গণপূর্ত ই/এম এমআইএস বিভাগ-১ থেকে প্রকাশিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়, গণপূর্ত অধিদপ্তরের বহির্ভূত স্থাপনা সংশ্লিষ্ট অভিযোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে স্বচ্ছ ও গতিশীল করতে PFMS (PWD Facility Management System) সফটওয়্যারটি বর্তমানে ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সফটওয়্যারটির বহুল ব্যবহারের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি, তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং প্রতিবেদন প্রণয়ন সহজতর হবে। বিশেষ করে হাসপাতাল ও কারাগার স্থাপনার সাথে সম্পর্কিত সকল অভিযোগ ও সমস্যা এই সফটওয়্যারের মাধ্যমে নিবন্ধন ও নিষ্পত্তি করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অধিদপ্তরের সকল কর্মকর্তাগণকে গণপূর্ত এস্টিমেটিং সফটওয়্যার-এর স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে উক্ত সফটওয়্যারটি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেবল রূপপুর গ্রিন সিটি প্রকল্প ব্যতীত অন্যান্য স্থাপনায় অদ্যাবধি এ সফটওয়্যারে অভিযোগ দাখিল না হওয়ায় সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীগণকে সুনির্দিষ্ট কিছু নির্দেশাবলী প্রতিপালনের অনুরোধ জানানো হয়েছে।
১. তথ্য সন্নিবেশ: দ্রুততম সময়ের মধ্যে গণপূর্ত অধিদপ্তরের বহির্ভূত স্থাপনাসমূহের সকল তথ্য সফটওয়ারে সন্নিবেশ করতে হবে। পিএফএমএস ব্যবহার সংক্রান্ত একটি ভিডিও টিউটোরিয়াল https://pfms.pwd.gov.bd ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
২. স্টিকার ও নির্দেশিকা প্রদর্শন: গণপূর্ত অধিদপ্তরের বহির্ভূত সকল আবাসিক স্থাপনাসমূহে দৃশ্যমান স্থানে সফটওয়্যার সংশ্লিষ্ট স্টিকার ও নির্দেশাবলী প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং অনাবাসিক স্থাপনা সমূহের ন্যূতম একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর (অভিযোগকারী হিসেবে) সফটওয়্য়ারে সন্নিবেশ করতে হবে।
৩. ঠিকাদারের তথ্য সংযোজন: ফ্রেমওয়ার্ক চুক্তির আওতায় চুক্তিবদ্ধ ঠিকাদারগণের তথ্য সফটওয়্য়ারে যোগ করতে হবে।
গণপূর্ত অধিদপ্তরে অভিযোগ স্বচ্ছতায় নতুন উদ্যোগ