গুলশান-২ কাঁচাবাজারে ২৫ লাখ টাকা দাবির অভিযোগ সবুজের বিরুদ্ধে, প্রতিবাদ করলেই হত্যার হুমকি!

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৮:৪৬:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৮:৪৬:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২। এখানেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মালিকানাধীন উত্তর কাঁচাবাজার। রাজধানীর গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক এলাকায় অবস্থিত মার্কেটটির তৃতীয় তলার ১২৫টি দোকান ঘিরে উঠেছে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও ব্যবসায়ীদের জিম্মি করে রাখার গুরুতর অভিযোগ। সামির আহমেদ সবুজ নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিটি দোকান থেকে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগ করেছেন কয়েকজন ব্যবসায়ী। তাঁদের দাবি, টাকা না দিলে মার্কেটে ব্যবসা করতে দেওয়া হবে না; এমনকি হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। সামির আহমেদ সবুজ ওই মার্কেটেরই রহমান ক্লথ ষ্টোর ও স্যাম ট্রেডার্স মালিক। ব্যবসায়ীদের অভিযোগ, তৃতীয় তলার ১২৫টি দোকান থেকে প্রতিটি দোকানের বিপরীতে ২০ হাজার টাকা করে নেওয়া হলে এক দফায় মোট টাকার পরিমাণ দাঁড়ায় ২৫ লাখ টাকা। এই বিপুল অর্থ কী উদ্দেশ্যে, কার নির্দেশে এবং কোন কর্তৃত্ববলে নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যবসায়ী নাসির অভিযোগ করে বলেন, সবুজ আহমেদ তাঁকে চাঁদা না দিলে হত্যার হুমকি দিয়েছেন। এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। অন্য ব্যবসায়ী রিপনের অভিযোগ, টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মার্কেট থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। ব্যবসায়ী জাহাঙ্গীর বলেন, এখানে ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে—এমন পরিস্থিতি তৈরি হয়েছে। টাকা না দিলে ব্যবসা চালানো সম্ভব হবে না বলে তিনি মনে করেন। এই বাজারের তৃতীয় তলা নিয়ে অতীতেও গণমাধ্যমে গুরুতর অনিয়মের খবর প্রকাশিত হয়েছে। ২০২২ সালে গণমাধ্যমে বলা হয়, গুলশান উত্তর কাঁচাবাজারের তৃতীয় তলায় ১৪১টি দোকান রয়েছে এবং সেগুলো ঢাকা উত্তর সিটি করপোরেশনের বৈধ বরাদ্দের আওতায় ছিল না। প্রতিবেদনে আরও বলা হয়, এসব দোকান থেকে মাসে আনুমানিক ৯ লাখ ৮৭ হাজার টাকা ভাড়া আদায়ের হিসাব পাওয়া গিয়েছিল। অথচ ডিএনসিসির রাজস্ব বিভাগ জানিয়েছিল, তৃতীয় তলায় তারা কাউকে দোকান বরাদ্দ দেয়নি এবং সেখান থেকে ভাড়াও নেয় না। ২০২১ সালের আরেকটি প্রতিবেদনে প্রতিবেদনেও গুলশান-২ কিচেন মার্কেটের তৃতীয় তলার দোকান নিয়ে অনিয়মের চিত্র উঠে আসে। ডিএনসিসির নথির সঙ্গে বাস্তব অবস্থার পার্থক্য, অবৈধভাবে দোকান নির্মাণ, দোকান ভাড়া দেওয়া এবং মার্কেট পরিচালনা কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। ওই প্রতিবেদনে ডিএনসিসির বক্তব্য অনুযায়ী, তৃতীয় তলার স্থাপনাকে অবৈধ এবং ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনার বিষয়টিও উঠে আসে। গুলশান-২ কাঁচাবাজারের ব্যবসায়ীরা কোনো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে ব্যবসা করতে চান না। তাঁরা চান নিরাপদ পরিবেশে বৈধভাবে ব্যবসা পরিচালনা করতে। চাঁদা না দিলে হত্যার হুমকি কিংবা ব্যবসা বন্ধ করে দেওয়ার ভয় দেখানোর অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এবিষয়ে সবুজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার এই বিষয়ে কোন বক্তব্য নাই।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com