১০ দিনে ২৬ লাখ টাকা লেনদেন, বন কর্মকর্তা ও দুই গার্ডের বিরুদ্ধে জিডি

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০২:৫৫:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০২:৫৫:৪৮ অপরাহ্ন




কাঠবাহী ট্রাক আটকে তল্লাশির নামে চার লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে কুমিল্লা বন বিভাগের সুয়াগাজী চেক স্টেশনের এক কর্মকর্তা ও দুই বনরক্ষীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তা মো. নাজমুল হাসান এবং দুই গার্ড আবুল কালাম বাবুল ও শাহ আলমের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক কাঠ ব্যবসায়ী।

অভিযোগের আরও গুরুতর দিক হলো, ব্যবসায়ীর দাবি অনুযায়ী, কথিত ঘুষের চার লাখ টাকা সরকারি কোনো হিসাবের পরিবর্তে আমেনা ফেরদৌস নামে এক নারীর ব্যাংক হিসাবে জমা নেওয়া হয়েছে। গণমাধ্যমের হাতে আসা ওই ব্যাংক হিসাবের বিবরণীতে দেখা গেছে, মাত্র ১০ দিনে সেখানে ২৬ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে। ফলে ওই হিসাবের লেনদেনের উৎস ও সংশ্লিষ্টতার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকার কাঠ ব্যবসায়ী মো. সিরাজ দৌলা গতকাল রোববার জোরারগঞ্জ থানায় এ জিডি করেন। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে সিরাজ দৌলা উল্লেখ করেন, গত ৫ অক্টোবর সকালে চট্টগ্রাম থেকে এক ট্রাক কাঠ নিয়ে কুমিল্লা হয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। সকাল সাড়ে ৮টার দিকে সুয়াগাজী চেক স্টেশনের কাছে পৌঁছালে তাঁর কাঠবাহী ট্রাকটি থামানো হয়। পরে তল্লাশির কথা বলে টাকা দাবি করা হয়। একপর্যায়ে চেক স্টেশনের কর্মকর্তা মো. নাজমুল হাসানের সঙ্গে চার লাখ টাকায় দফারফা হয় বলে অভিযোগ করেন তিনি।

সিরাজ দৌলার ভাষ্য, সাউথইস্ট ব্যাংকের বারইয়ারহাট শাখা থেকে আরটিজিএসের মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের ঢাকা মালিবাগ শাখায় আমেনা ফেরদৌসের হিসাবে চার লাখ টাকা জমা দেওয়ার পর তাঁর ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, আমেনা ফেরদৌসকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। অথচ তাঁর কাছ থেকে আমেনা বেগমের নামে তিনটি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে।

১০ দিনে ২৬ লাখ ৩০ হাজার টাকার লেনদেন

কথিত ঘুষের টাকা জমা দেওয়ার অভিযোগ ওঠা আমেনা ফেরদৌসের ব্যাংক হিসাবের বিবরণী নিয়েও তৈরি হয়েছে নতুন প্রশ্ন। গণমাধ্যমের অনুসন্ধানে সংগ্রহ করা ন্যাশনাল ব্যাংকের ঢাকা মালিবাগ শাখার হিসাববিবরণী অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত মাত্র ১০ দিনে ওই হিসাবে মোট ২৬ লাখ ৩০ হাজার টাকা লেনদেন হয়েছে।

এর মধ্যে গত ৫ অক্টোবর সাউথইস্ট ব্যাংকের বারইয়ারহাট শাখা থেকে আরটিজিএসের মাধ্যমে চার লাখ টাকা জমার তথ্য পাওয়া গেছে। একই সময়ে ওই হিসাবে আরও ১৫ লাখ টাকা জমা হওয়ার তথ্যও রয়েছে। এসব লেনদেনের উৎস, উদ্দেশ্য এবং সুয়াগাজী চেক স্টেশনের কথিত অর্থ আদায়ের সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

এ বিষয়ে মুঠোফোনে আমেনা বেগম নিজেকে একজন গৃহিণী বলে পরিচয় দেন। পরে আর কোনো বক্তব্য না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। ন্যাশনাল ব্যাংকের ঢাকা মালিবাগ শাখার ব্যবস্থাপক রাকিব উদ্দিনও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

বৈধ কাগজপত্রেও ট্রাক আটকে টাকর অভিযোগ

শুধু সিরাজ দৌলা নন, সুয়াগাজী চেক স্টেশনকে ঘিরে দীর্ঘদিন ধরে কাঠ ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ রয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। তাঁদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকার পরও বিভিন্ন অজুহাতে মহাসড়কে কাঠবাহী ট্রাক আটক করা হয়। পরে মামলা ও মালামাল আটকে রাখার ভয় দেখিয়ে দুই থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়।

ব্যবসায়ীদের অভিযোগ, টাকা দিতে অস্বীকৃতি জানালে কাঠবাহী ট্রাক ও মালামাল আটকে রেখে মামলা দেওয়ার ভয় দেখানো হয়। দীর্ঘ আইনি জটিলতা ও ব্যবসায়িক ক্ষতির আশঙ্কায় অনেকেই বাধ্য হয়ে টাকা দিয়ে ট্রাক ছাড়িয়ে নেন।

অভিযোগ রয়েছে, সুয়াগাজী চেক স্টেশনের কর্মকর্তা নাজমুল হাসান এবং দুই গার্ড আবুল কালাম বাবুল ও শাহ আলম মহাসড়কে কাঠবাহী গাড়ি শনাক্ত ও আটকে দিতে ব্যক্তিগত গাড়িও ব্যবহার করেন। এ নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে আলোচনা-সমালোচনা ও অসন্তোষ রয়েছে।

অভিযোগ অস্বীকার বনাম ব্যাংক লেনদেনের তথ্য

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বন কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। এ সময় তিনি তাঁর স্ত্রী অসুস্থ বলেও জানান।
অন্যদিকে, ব্যাংক হিসাবের মালিক আমেনা বেগমের বক্তব্য এবং সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি।

সব মিলিয়ে সুয়াগাজী চেক স্টেশনে কাঠবাহী ট্রাক আটকে অর্থ আদায়ের অভিযোগ, ব্যক্তিগত ব্যাংক হিসাবে অর্থ জমা, ১০ দিনে বিপুল অঙ্কের লেনদেন এবং একাধিক ব্যবসায়ীর ভোগান্তির অভিযোগ সামনে এসেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কথিত অর্থ আদায়ের প্রকৃত ঘটনা, ব্যাংক হিসাবের লেনদেনের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com