নিজস্ব প্রতিবেদক :
নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি চালকলের গুদাম থেকে ২২ হাজার ২০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় চালের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার শরিফপুর মোড় এলাকার একটি চালকলের গুদামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।
ডিজিএফআইয়ের দেয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।জানা গেছে, খাদ্য অধিদফতরের লোগোযুক্ত ৩০ কেজি ওজনের ৭৩৪ বস্তা চাল গুদামটিতে মজুদ করে রেখেছিলেন মিলন।
এসব বস্তায় মোট ২২ হাজার ২০ কেজি চাল ছিল। ডিজিএফআই বিষয়টি জানতে পেরে তথ্য দিলে সোমবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ অভিযান পরিচালনা করেন। এ সময় চালের মালিক হিসেবে চৌমাশিয়া মোড় (নওহাটা) এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে মিলনের নাম জানা যায়।
অভিযান শেষে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেলকে বাদী হয়ে নিয়মিত মামলা করার নির্দেশ দেন ইউএনও। একইসাথে গুদাম থেকে চালগুলো জব্দ করা হয়।মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, বিপুল পরিমাণ চাল হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়নি।
চালগুলো জব্দ করা হয়েছে এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেলকে বাদী হয়ে নিয়মিত মামলা করার নির্দেশ দেয়া হয়েছে।