বাংলাদেশের শিক্ষা ও রাজনৈতিক ইতিহাসে ঢাকা কলেজ একটি ঐতিহাসিক নাম। ১৮৪১ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে দেশের জ্ঞানচর্চা, রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য থেকে উঠে এসেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বিজ্ঞানী ও অসংখ্য গুণী ব্যক্তিত্ব। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের রাষ্ট্রীয় নেতৃত্বেও রয়েছে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি।
‘নিজেকে জানো’ মূলমন্ত্র ধারণ করে ১৮৪১ সালের ২০ নভেম্বর যাত্রা শুরু করে দেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা কলেজ। দীর্ঘ পথপরিক্রমায় নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রতিষ্ঠানটি আজও শিক্ষা, জ্ঞানচর্চা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দেশ-বিদেশের বহু মেধাবী মানুষ এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে নিজেদের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন।
ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলন ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসেরও অংশ হয়ে আছে ঢাকা কলেজ। শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের শিক্ষা ও সংস্কৃতির ইতিহাসেও প্রতিষ্ঠানটির রয়েছে স্বতন্ত্র অবস্থান।
ঐতিহাসিক এই বিদ্যাপীঠে পড়াশোনা করে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হয়েছেন একাধিক বিশিষ্ট ব্যক্তি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন এই কলেজের সাবেক শিক্ষার্থীরা। তাঁদের মধ্যে রয়েছেন—রাষ্ট্রপতির পদে ঢাকা কলেজের চার কৃতী শিক্ষার্থী ঢাকা কলেজে পড়াশোনা করে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ও বিদেশের চার বিশিষ্ট ব্যক্তি। তাঁদের মধ্যে তিনজন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং একজন মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি।
বাংলাদেশের বর্তমান ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা কলেজের ১৯৬৩-১৯৬৫ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। পরবর্তী সময়ে তিনি এই কলেজের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের প্রয়াত ১২তম রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ১৯৪৭ সালে ঢাকা কলেজে ভর্তি হন। ১৯৪৯ সালে তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। দেশের প্রয়াত ১৪তম রাষ্ট্রপতি জিল্লুর রহমানও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। তিনি ১৯৪৬ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ঢাকা কলেজে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন।
এ ছাড়া মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমও ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলেন। ষাটের দশকে তিনি এই কলেজে পড়াশোনা করেন। কলেজের ইন্টারন্যাশনাল হলের ২০৯ নম্বর কক্ষে থাকতেন তিনি।
প্রধানমন্ত্রীও হয়েছেন ঢাকা কলেজের দুই সাবেক শিক্ষার্থী
দেশের সরকারপ্রধানের দায়িত্ব পালন করা ব্যক্তিদের মধ্যেও রয়েছে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের নাম। এই তালিকায় রয়েছেন বাংলাদেশের দুই সাবেক প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ১৯৪৪ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত ঢাকা কলেজে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন। মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অন্যদিকে বাংলাদেশের সপ্তম প্রধানমন্ত্রী মওদুদ আহমদও এই কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি ১৯৫৫ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত ঢাকা কলেজে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন। পরবর্তী সময়ে তিনি দেশের প্রথম উপপ্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা কলেজ ছাত্র সংসদের আপ্যায়ন সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন যাঁরা
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের অনেকে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরের দায়িত্ব পালন করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন—
শাহ মোয়াজ্জেম হোসেন ছিলেন বাংলাদেশের সাবেক উপপ্রধানমন্ত্রী ও বিভিন্ন সময়ের মন্ত্রী। তিনি ঢাকা কলেজের ১৯৪৬-১৯৪৭ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। আবদুল মোনেম খান পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী এবং দীর্ঘ সময় পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯২০ সালে তিনি ঢাকা কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
আবু সালেহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৫১-১৯৫২ সালের দিকে তিনি ঢাকা কলেজের আইএসসি বা উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।
আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মহিউদ্দীন খান আলমগীর ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। শফিক আহমেদ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া সাবেক পর্যটন ও বিমান পরিবহনমন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননও ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী। ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও রাজনৈতিক নেতা মাহমুদুর রহমান মান্নাও এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন।
এদের বাইরেও রাজনীতি, প্রশাসন ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পর্যায়ে ঢাকা কলেজের অসংখ্য সাবেক শিক্ষার্থী গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মুক্তিযুদ্ধ ও বিপ্লবী আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা দেশের স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবদান ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে। মহান মুক্তিযুদ্ধেও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আত্মত্যাগ ও অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
কলেজটির শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন শহীদ শেখ কামাল, শেখ জামাল ও শহীদ শাফী ইমাম রুমী। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য পরিচিত বীরবিক্রম খন্দকার আজিজুল ইসলাম ও বীরউত্তম খালেদ মোশাররফও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন।
এ ছাড়া ভাষাসৈনিক শামসুল হুদা, মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল কাদের এবং বিপ্লবী দীনেশ গুপ্ত ও পুলিনবিহারী দাসের মতো ব্যক্তিত্বের নামও রয়েছে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের তালিকায়।
বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করার ক্ষেত্রে ঢাকা কলেজের সাহিত্যিক ও লেখকদের অবদান অবিস্মরণীয়। এই কলেজের আঙিনায় বেড়ে ওঠা বরেণ্য কথাসাহিত্যিক ও কবিদের মধ্যে রয়েছেন হুমায়ূন আহমেদ, হুমায়ুন আজাদ, শামসুর রাহমান, হাসান হাফিজুর রহমান, মহাদেব সাহা, আবদুল গাফফার চৌধুরী, আখতারুজ্জামান ইলিয়াস, আলাউদ্দিন আল আজাদ, বুদ্ধদেব বসু, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, সৈয়দ ওয়ালীউল্লাহ ইত্যাদি।
পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটির প্রতিভাবান শিক্ষার্থীরা। জনপ্রিয় অভিনেতা মান্না, ফেরদৌস আহমেদ, মোশাররফ করিম, আফরান নিশো, খালেদ খান, সজল নূর, খান আতাউর রহমান এবং আলমগীর কবির ইত্যাদি। পাশাপাশি চলচ্চিত্র পরিচালনায় খ্যাতি অর্জন করেছেন মোহাম্মদ হোসেন জেমী, সাইদুল আনাম টুটুল ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজসহ অসংখ্য গুণি ব্যক্তিত্ব।