গোপালগঞ্জের পরিবর্তে ফরিদপুরের কালুখালী পর্যন্ত চলাচল করবে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেনটি গোপালগঞ্জ যাবে না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপাতত টুঙ্গিপাড়া এক্সপ্রেস গোপালগঞ্জ পর্যন্ত চালানো হবে না। রাজশাহী থেকে ছেড়ে ট্রেনটি কালুখালী স্টেশন পর্যন্ত যাবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতো গোপালগঞ্জ পর্যন্ত চলাচল শুরু করবে।
রেলওয়ের সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ৭৮৪ নম্বর ট্রেনটি প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালীসহ বিভিন্ন স্টেশন হয়ে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছায়। ফিরতি পথে ৭৮৩ নম্বর ট্রেনটি সকালে গোবরা থেকে ছেড়ে দুপুরে রাজশাহী পৌঁছায়।