জুলাই গণ-অভ্যুত্থানকালে রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে পুলিশের আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসান নুরুল ইসলাম নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম নাহিদ মামলার ঘটনা ও পলাতক অন্য আসামিদের বিষয়ে তথ্য দিয়েছেন। সেসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। আন্দোলন প্রতিহত করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা এবং সক্রিয় অংশগ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত চলমান রয়েছে।
মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। তদন্তের প্রয়োজনে পরবর্তীতে তার বিরুদ্ধে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে বলেও জানানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী বলেন, ‘ডিসেম্বর ঘিরে বিভিন্ন গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনায় নুরুল ইসলাম নাহিদের সম্পৃক্ততার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে রিমান্ডের কোনো আবেদন না থাকায় এবং তার পক্ষে জামিন আবেদন ও কোনো আইনজীবী না থাকায় তাকে আদালতে তোলা হয়নি। বিচারক সরাসরি গ্রেফতারের আদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন।’
গত বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উত্তরা পশ্চিম থানা এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে এ অভিযান চালানো হয়। পরে উত্তরা পশ্চিম থানার এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এ ছাড়া সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানায় দায়ের করা হত্যা, হত্যাচেষ্টা ও সহিংসতার ১৪টি মামলায় নুরুল ইসলাম নাহিদের নাম রয়েছে বলে সিডিএমএস পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে।