এনসিপিকে দিয়েই রাজনৈতিক দলগুলোর সাথে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০২:০৮:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০২:০৮:২১ অপরাহ্ন




কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যের লক্ষ্যে বিভিন্ন দলের সঙ্গে সোমবার থেকে পৃথক মতবিনিময় বা সংলাপ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর দপ্তর ও এনসিপির সূত্র জানায়, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর মাধ্যমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়। আজ রবিবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামটরে এনসিপির কার্যালয়ে সভা ডাকা হয়েছে। সেই সভায় সিদ্ধান্ত হবে প্রধানমন্ত্রীর সংলাপে কয়জন অংশ নিবেন।


প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর পর এই সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। পরদিন ১৯ নভেম্বর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট ১১-দলীয় ঐক্য জরুরি বৈঠক করে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে আনুষ্ঠানিক সাধুবাদ জানায়।

এনসিপির একজন সাংগঠনিক সম্পাদক জানায়, লন্ডন থেকে সন্ধ্যায় ঢাকায় নামবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দলের বৈঠকে না থাকলেও প্রধানমন্ত্রীর সংলাপে নাহিদসহ আরো ৩জন যাওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বিকেলে দলীয় ফোরামের আলোচনায়। 



যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেছেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর, সোমবার এনসিপির একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করবে। আমরা এই আমন্ত্রণকে ইতিবাচকভাবে দেখছি। 


ইসি কমিটির একজন সদস্য জানায়, বৈঠকে তারা জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক ঐক্যে ফাটল ধরার কারণ, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিএনপির কিছু নেতাকর্মী কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবি তুলবে।

সদস্যসচিব আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশে একটি স্বাভাবিক জোট বিদ্যমান রয়েছে। নতুন করে ঐক্যের প্রয়োজন হওয়ার অর্থ হলো পূর্ববর্তী ঐক্যে কোথাও ফাটল তৈরি হয়েছে, যার কারণ অনুসন্ধান করা জরুরি। 

এদিকে আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আসার পর দলটির সাথে প্রধানমন্ত্রীর সংলাপ অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, সরকার ঐক্যের প্রয়োজন অনুভব করছে। তবে এই ঐক্যের ভিত হতে হবে জুলাই সনদ, গণভোটের রায় এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন। তিনি প্রত্যাশা করেন, সরকার গণভোটকে উপেক্ষা করার মনোভাব থেকে সরে আসবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com