স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো। আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও ইতালির মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সমুদ্রসীমায় নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমায় নিরাপত্তা, অবৈধ অভিবাসন রোধ, মানবপাচার প্রতিরোধ এবং সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধিতে ইতালি সরকারের অবদানের কথা স্মরণ করে ইতালীয় নৌবাহিনীর চারটি মিনার্ভা ক্লাস কর্ভেট জাহাজ সংস্কার করে বাংলাদেশকে হস্তান্তরের জন্য ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে অফশোর প্যাট্রোল ভেসেল হিসেবে ব্যবহৃত এসব জাহাজ বঙ্গোপসাগরে নজরদারি ও টহল কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে।
সাক্ষাৎকালে বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রে টহল সক্ষমতা আরও বাড়াতে ভবিষ্যতে অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল উপযুক্ত দেশ থেকে জি-টু-জি (G2G) পদ্ধতিতে সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী এ ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।মানচিত্র দেখুন
এ ছাড়া বাংলাদেশ ও ইতালির কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক সুদৃঢ় করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়েও বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়।
পেশাগত দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ বিনিময়ের বিষয়ে আলোচনায় সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি দেশি ও সাতটি বন্ধুপ্রতিম দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন’ (বিডব্লিউও) এবং মানবপাচার প্রতিরোধ (এএইচটি) কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন করেছে। আগামী বছর এই কোর্সে ইতালির কোস্ট গার্ডের কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে। মানচিত্র দেখুন