হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন বিমানবন্দরে কঠোর নজরদারি, সিসিটিভি ক্যামেরা ও ধারাবাহিক অভিযানের পরও স্বর্ণ চোরাচালান থামছে না। উল্টো নিরাপত্তার ফাঁকফোকর গলে প্রতিনিয়ত নতুন কৌশল নিচ্ছে চোরাকারবারি চক্র, আর এতে সরাসরি সহায়তাকারী হিসেবে জড়িয়ে পড়ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ কর্মকর্তা-কর্মচারীরাই।
সাম্প্রতিক একাধিক চালানে বিমানকর্মীদের সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ হাতে আসায় দায়ীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে নড়েচড়ে বসেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন ঢাকা কাস্টমস হাউস। এর অংশ হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে গত ২ নভেম্বর এনবিআরের কাস্টমস নীতি ও আইসিটি সদস্যের কাছে একটি দাপ্তরিক চিঠি পাঠিয়েছেন ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মো. রইচ উদ্দিন খান।
মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বিমানকর্মীদের মাধ্যমে স্বর্ণ চোরাচালানের সাম্প্রতিক তিনটি বড় ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। এই তিনটি অভিযানেই মোট ২০৯টি স্বর্ণবার উদ্ধার করা হয়, যার সম্মিলিত ওজন ২৪ কেজি ৩৭০ গ্রাম (২৪.৩৭ কেজি) এবং আনুমানিক বাজারমূল্য ১৮ কোটি ২৫ লাখ টাকার বেশি।
৪ অক্টোবর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুজন কর্মীর জুতার ভেতরে লুকানো অবস্থায় ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। জব্দকৃত এই স্বর্ণের ওজন ৯.৪ কেজি এবং বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
১ অক্টোবর বিমানকর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি চালিয়ে ৯টি স্বর্ণবার উদ্ধার করা হয়, যার ওজন ১ হাজার ৫০ গ্রাম (১.০৫ কেজি) এবং বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। এ ঘটনায় ওই কর্মী ও এক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
৬ সেপ্টেম্বর বিমানের চট্টগ্রাম-ঢাকা রুটের বিজি-১৪৮ ফ্লাইট থেকে সহকারী টেকনিক্যাল হেলপার মো. শোয়েব গাজীর শরীরে লুকানো অবস্থায় ১২০টি স্বর্ণবার জব্দ করা হয়। উদ্ধারকৃত এই স্বর্ণের মোট ওজন ১৩.৯২ কেজি।
ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মো. রইচ উদ্দিন খান তাঁর পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন, সাম্প্রতিক এসব ঘটনার পাশাপাশি অতীতেও বিমানকর্মীদের মাধ্যমে বা সংশ্লিষ্ট ফ্লাইটে পরিবাহিত স্বর্ণ চোরাচালানের আরও একাধিক ঘটনা উদ্ঘাটিত হয়েছে। তাই ঘটনার পুনরাবৃত্তি রোধে বিমানবন্দরের নিরাপত্তা, কাস্টমস নিয়ন্ত্রণ, সংরক্ষিত এলাকায় প্রবেশাধিকার এবং চোরাচালান প্রতিরোধ ব্যবস্থার কার্যকারিতা নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন। চিঠিতে সংরক্ষিত এলাকায় প্রবেশাধিকারের অপব্যবহার খতিয়ে দেখা, সংশ্লিষ্ট নথি ও তদন্ত প্রতিবেদন সংগ্রহ এবং বিমানকর্মীদের দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা চাই স্বর্ণ চোরাকারবারের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। বিমান কর্তৃপক্ষ কর্মীদের সচেতন করে হোক বা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েই হোক, কার্যকর কোনো উদ্যোগ নিক- এ কারণেই মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিমানের কর্মী, বিশেষ করে যারা বিদেশে আছেন কিংবা যাতায়াত করছেন, তাদেরকে একটি সার্ভেইলেন্সের মধ্যে আনা উচিত। তারা কোথায় যাচ্ছেন বা কোথায় যেতে পারবেন এসব বিষয়ে নজরদারি থাকা দরকার। একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশ্যই যদি হয় চোরাকারবারি করা, তাহলে তাদের সঙ্গে পারা কঠিন। অতীতে অনেকের শাস্তি হলেও পাচার বন্ধ হচ্ছে না; তাই একটি ইন্টিগ্রেটেড (সমন্বিত) সিস্টেম গড়ে তোলা জরুরি।
পুলিশ, শুল্ক বিভাগ ও ঢাকা কাস্টমস হাউসের নথিপত্র পর্যালোচনায় বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের ভয়াবহ চিত্র উঠে এসেছে। ২০১৬ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত প্রায় ১০ বছরে কেবল শাহজালাল বিমানবন্দর থানাতেই স্বর্ণ চোরাচালান-সংক্রান্ত ৬৯৭টি মামলা দায়ের হয়েছে।
২০২১ সাল থেকে পরবর্তী সাড়ে পাঁচ বছরে বিমানবন্দর থেকে অন্তত ১ হাজার ৯০২ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার ৭২৮ কোটি টাকা।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২১-২২ অর্থবছর থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত সাড়ে পাঁচ বছরে দেশে মোট ১ হাজার ৯০২ কেজির বেশি স্বর্ণ জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ৩ হাজার ৭২৮ কোটি টাকা। তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ প্রায় ৬৯৮ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছিল। এরপর ২০২২-২৩ অর্থবছরে ৫৫৫ কেজি, ২০২৩-২৪ অর্থবছরে ৪১৭ কেজি এবং ২০২৪-২৫ অর্থবছরে ১৬৯ কেজি স্বর্ণ জব্দ করা হয়। এ ছাড়া পরবর্তী সময়ে অর্থাৎ ২০২৬ সালের জুন পর্যন্ত আরও ৬৩ কেজির বেশি স্বর্ণ জব্দ হয়েছে।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, গত দুই-আড়াই বছর সাধারণত ২ থেকে ২.৫ কেজির ছোট চালান ধরা পড়লেও চলতি বছর থেকে ১৫ কেজি বা তার বেশি ওজনের বড় চালান ধরা পড়ছে। তবে গোয়েন্দাদের ধারণা, মোট চোরাচালানের মাত্র ১০ থেকে ২০ শতাংশ স্বর্ণ ধরা পড়ে, বাকি বড় অংশই পাচার হয়ে যায়।
গোয়েন্দাদের দাবি, চোরাকারবারিরা উড়োজাহাজের কার্গো হোল্ডের প্যানেল বক্স, টয়লেটের ভেতরের গোপন স্থান এবং যাত্রী আসনের নিচের অংশ ব্যবহার করছে যেখানে সাধারণ যাত্রীদের কোনো প্রবেশাধিকার নেই। বিমানের অভ্যন্তরীণ কর্মীদের সরাসরি সহায়তা ছাড়া যন্ত্রাংশ খুলে এসব স্থানে স্বর্ণ লুকানো অসম্ভব।
উল্লেখ্য, বিমানে বড় আকারের স্বর্ণ চোরাচালানের নজির নতুন নয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় চালানটি ধরা পড়ে ২০১৩ সালের ২৪ জুলাই; সেদিন বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজের কার্গো হোল্ড থেকে ১২৪ কেজি স্বর্ণ জব্দ করা হয়। ওই মামলার তদন্ত শেষে ডিবি পুলিশ বিমানের ১০ কর্মীসহ মোট ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল। এছাড়া ২০১৪ সালের ২৫ মার্চ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের আরেকটি ফ্লাইট থেকে ১০৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।