টিসিপির সঙ্গে এমওইউ করতে যাচ্ছে টিসিবি

নিত্যপণ্য আমদানির উৎস হতে যাচ্ছে পাকিস্তান

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০২:১৮:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০২:১৮:০৫ অপরাহ্ন




দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং আমদানি উৎস সম্প্রসারণের লক্ষ্যে এবার পাকিস্তানের বাজারের দিকে নজর দিচ্ছে সরকার। এ লক্ষ্যে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী ২৯ নভেম্বর দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। এর মাধ্যমে দুদেশের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, পিএসসি আমার দেশকে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে নতুন একটি বাণিজ্যিক সুযোগ (উইন্ডো) খুলতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে পাকিস্তানের টিসিপির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে যাচ্ছে টিসিবি। এ উদ্যোগের আওতায় রয়েছে কৃষিভিত্তিক পণ্য আমদানি ও রপ্তানি। বাংলাদেশের পণ্য পাকিস্তানে রপ্তানি হবে, একইভাবে দেশের প্রয়োজনীয় পণ্য পাকিস্তান থেকেও আমদানি করা হবে।


তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় কম দামে পণ্য পাওয়া গেলে পাকিস্তান থেকে তা আমদানি করা হবে। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। এমওইউ স্বাক্ষরের পর পাকিস্তান পণ্যের মূল্য প্রস্তাব করবে। এরপর দুই পক্ষের মধ্যে দরকষাকষি (নেগোসিয়েশন) হবে। আলোচনা ও মূল্য যাচাইয়ের ভিত্তিতেই আমদানি-রপ্তানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

২৯ নভেম্বর এমওইউ স্বাক্ষর

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি-রপ্তানি কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে টিসিবি ও টিসিপির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ ইতোমধ্যে সম্মত হয়েছে। ইতোমধ্যে উভয় দেশ এমওইউর খসড়াও চূড়ান্ত করেছে।

জানা গেছে, আগামী ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুকতাদির উপস্থিত থাকার কথা রয়েছে। বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো


এমওইউর তালিকায় থাকছে এগ্রি পণ্য

জানা গেছে, সমঝোতা স্মারকে এগ্রি পণ্য থাকবে। এর মধ্যে থাকবে চাল, ডাল, আটা, গম, আলু, চিনি, তেল, পেঁয়াজ, ছোলা, সার, চা, আম, আনারস প্রভৃতি। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আমাদের প্রধান লক্ষ্য থাকবে নিত্যপ্রয়োজনীয় পণ্যে। এর মধ্যে আমদানিতে থাকবে তেল, ডাল, চিনি, খেজুর; আর আম, আনারস ও চা রপ্তানিতে নজর থাকবে।

বিশেষজ্ঞরা জানান, সমঝোতা স্মারকের মাধ্যমে দুদেশের রাষ্ট্রীয় বাণিজ্য সংস্থার মধ্যে সহযোগিতার কাঠামো তৈরি হবে। এর আওতায় নিত্যপণ্য আমদানি-রপ্তানি ও বাণিজ্য সম্প্রসারণে নতুন সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে দুদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বিশাল বাণিজ্য ঘাটতি কমাতে দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর ওপর জোর দিচ্ছে ঢাকা। এ লক্ষ্যে পাকিস্তানের কাছে শুল্ক ও শুল্কবহির্ভূত বিভিন্ন বাণিজ্য বাধা দূর করার প্রস্তাব দেবে বাংলাদেশ। আগামী ১ ও ২ ডিসেম্বর ইসলামাবাদে দুদেশের বাণিজ্যবিষয়ক যৌথ কর্মদলের (জেডব্লিউজিটি) প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে ওষুধ ও খাদ্যপণ্যের বাজারে প্রবেশাধিকার, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং শুল্কায়ন ও কাস্টমস প্রক্রিয়া সহজ করার বিষয়গুলোতে গুরুত্ব দেবে ঢাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘদিনের বাণিজ্য বাধাগুলো তুলে ধরা হবে। বিশেষ করে ওষুধ ও খাদ্যপণ্য রপ্তানির ক্ষেত্রে পণ্যের মান, কারিগরি বিধিবিধান এবং স্বাস্থ্য ও উদ্ভিদ স্বাস্থ্যসংক্রান্ত শর্ত (এসপিএস) নিয়ে বিদ্যমান জটিলতা দূর করার বিষয়ে আলোচনা হবে। এসব বাধা দূর হলে পাকিস্তানের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৈঠকে বাংলাদেশি পণ্যের জন্য পাকিস্তানের বাজারে আরো বেশি প্রবেশাধিকার চাওয়া হবে। পাশাপাশি রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর উপায় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com