মোকামতলায় প্রতিবন্ধী নারীকে হত্যা, স্বর্ণালংকার লুট

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৪:১৬:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৪:১৬:৫১ অপরাহ্ন


শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ


বগুড়ার মোকামতলায় সিঁধ কেটে ঘরে ঢুকে আমিজা(৫৫) নামের এক প্রতিবন্ধী নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় দুর্বৃত্তরা নিহতের নাক, কান ও হাতে থাকা স্বর্ণের জিনিসপত্রও লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন স্বজনেরা। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মোকামতলার শংকরপুর মাস্টারপাড়া গ্রামের নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আমিজা ওই গ্রামের মৃত জিন্না মিয়ার স্ত্রী। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন এবং বাড়িতে একাই বসবাস করতেন। বাড়ির পাশে ছোট একটি মুদির দোকানে ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন তিনি।

স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা জানায়, সোমবার রাতে খাবার খেয়ে আমিজা নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত তিনি দোকানে না আসায় স্বজন ও প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা বাড়িতে গিয়ে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। একপর্যায়ে স্বজনেরা দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করেন। সেখানে খাটের ওপর কাঁথা ও বালিশ দিয়ে মুখ ঢাকা অবস্থায় আমিজার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

স্বজনদের অভিযোগ, নিহত আমিজার নাক, কান ও হাতের স্বর্ণালংকার খোয়া গেছে। তাদের ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যার পর স্বর্ণালংকার নিয়ে গেছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com