আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেন, পলাতক শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন সন্ত্রাসী গোষ্ঠীকে আবারও মোকাবিলা করতে হবে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড গুলো রুখে দিতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার দোসরদের আগুন সন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।সরকারি সেবা
ইশরাক হোসেন বলেন, ‘আমরা ভেবেছিলাম, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশের ভবিষ্যতের একটি নতুন দ্বার উন্মোচিত হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে, বাংলাদেশ এগিয়ে যাবে, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তবে আমরা যারা কিছুটা রাজনৈতিক সচেতন, তারা মনে-প্রাণে বুঝতাম, একটা সময় গিয়ে এই সন্ত্রাসী গোষ্ঠীকে আমাদের আবারও মোকাবিলা করতে হবে এবং তাদের চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই আসলে বাংলাদেশ মুক্তি পাবে।’
তিনি অভিযোগ করেন, পলাতক শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। নির্বাচিত সরকারের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের নির্দেশনা দিচ্ছেন।
গোপালগঞ্জে হাসপাতালে হামলার প্রসঙ্গ টেনে ইশরাক বলেন, যুদ্ধ চলমান থাকা দেশগুলোতেও পরিকল্পিতভাবে হাসপাতালে হামলা করা যায় না। আন্তর্জাতিক জেনেভা কনভেনশন অনুযায়ী এ ধরনের হামলা যুদ্ধাপরাধের শামিল। অথচ গোপালগঞ্জে সন্ত্রাসীরা স্লোগান দিয়ে হাতে আগুন নিয়ে হাসপাতালে হামলা চালিয়েছে। সেখানে চিকিৎসাধীন নিরীহ মানুষ ছিলেন।
আগামী ডিসেম্বর মাসজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, ৩০ দিনই আমরা কর্মসূচির মাধ্যমে রাজপথে অবস্থান করব। এলাকায় এলাকায় অবস্থান করব।
ইশরাক বলেন, মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি নয়। এটি আপামর বাংলাদেশের জনগণের অর্জন। শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে ব্যবহার করে জনগণের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছেন বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রজন্মের দায়িত্ব হলো মুক্তিযুদ্ধের গায়ে লেপে দেওয়া সেই কলঙ্ক মুছে ফেলা। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় যেকোনো দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রজন্ম রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।
সমাবেশে ইশরাক আরও বলেন, আগামী ডিসেম্বর বিজয়ের মাস। এ মাসে তারা বিজয় দিবস পালন করবেন এবং রাজপথে অবস্থান করবেন। দেশের কোথাও আওয়ামী লীগের নেতাকর্মীরা বোমা হামলা, অগ্নিসংযোগ কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাদের দমন করে আইনের আওতায় তুলে দেওয়া হবে।সরকারি সেবা
মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু সহ মুক্তিযুদ্ধা দলের ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।