সকল হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ‘ধৈর্য ধরতে’ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি বলে উল্লেখ করেন এবং শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে বলেও জানান।
ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের যুব সমাজ তাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল। শেখ হাসিনার ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে। সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে এবং বিচার হলে বিচারের রায় মেনে নিতে হবে।মানচিত্র দেখুন
জামায়াত আমির আরও বলেন, প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন। তবে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদী ঐক্য করতে হবে।
জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশে অস্থিরতা শুরু হয়েছিল উল্লেখ করে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তাই দেশের বৃহত্তম স্বার্থে যদি প্রয়োজন হয়, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।