ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের পরও গাজীপুর, শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় কয়েকটি কারখানার সামনে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। এ সময় মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় পোশাকশ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এসপি আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। ভোগড়া-নাওজোড় এলাকায় পোশাকশ্রমিকরা কিছুটা সমস্যা সৃষ্টি করেছিলেন। কোনও ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
অপর দিকে, শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ কাটেনি। আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে সকালে সাভারের পদ্মার মোড়ে স্ট্যান্ডার্ড গ্রুপ ও ব্যাবিলন গ্রুপের শ্রমিকরা রাস্তায় নেমে এলে পুলিশ তাদের ঘিরে ফেলে। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকরা পাল্টা ইটপাটকেল ছুড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পুলিশসহ ১৫ জন আহত হন।
অন্যদিকে আশুলিয়ায় কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন নিউ এইজ গ্রুপের শ্রমিকরা। এছাড়া কাঠগড়া এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।
এমন পরিস্থিতিতে শিল্পাঞ্চল সাভারে শ্রম আইনের ১৩ (১) ধারায় ১১টি কারখানা বন্ধ ও ১২টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে শ্রম আইনের ১৩ (১) ধারায় হা-মীম গ্রুপ ও এনভয় গ্রুপসহ মোট ২২টি তৈরি পোশাক কারখানা বন্ধ থাকায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর ফলে ধর্মঘটে অংশ নেওয়া এসব কারখানার ৫০ হাজারের বেশি শ্রমিক কোনো মজুরি পাবেন না। তবে এর বাইরে অধিকাংশ প্রতিষ্ঠানেই উৎপাদনের পরিবেশ স্বাভাবিক রয়েছে।
শিল্প পুলিশ-১-এর তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে মোট ৭৩৬টি তৈরি পোশাক কারখানা রয়েছে, যার মধ্যে ৪৭০টি রপ্তানিমুখী। অধিকাংশ প্রতিষ্ঠানেই উৎপাদন স্বাভাবিক থাকলেও বহিরাগতদের হামলার আশঙ্কায় শিল্পাঞ্চলে চাপা আতঙ্ক বিরাজ করছে।