দেশে নারী স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও প্রসারে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ ও পদায়নের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বাংলাদেশ প্রতিনিধি মিসেস ক্যাথরিন ব্রিন কামকং।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নারী স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি এবং ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ ও পদায়নের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় মন্ত্রী বাংলাদেশের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) এজেন্ডা এগিয়ে নেওয়া এবং নারীদের জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউএনএফপিএর অব্যাহত অংশীদারত্ব ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।