৮ ট্রেডে সরকারি প্রশিক্ষণের সুযোগ, দেওয়া হবে ভাতাও

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০২:২১:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০২:২১:২৬ অপরাহ্ন



দেশের বেকার ও কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষ করে তুলতে আটটি ট্রেডে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। ১৮ থেকে ৩৫ বছর বয়সী আগ্রহী প্রার্থীরা এসব প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। কোর্সভেদে অষ্টম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পাস হলেই আবেদনের সুযোগ রয়েছে। প্রশিক্ষণ চলাকালে দৈনিক উপস্থিতির ভিত্তিতে সরকারি নিয়ম অনুযায়ী ভাতাও দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে ভাতার অর্থ পাঠানো হবে বিকাশ ও রকেটের মাধ্যমে।

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে ১ জানুয়ারি ২০২৭ থেকে। কোর্সভেদে প্রশিক্ষণের মেয়াদ তিন থেকে ছয় মাস। কোনো কোনো কোর্সে ভর্তি ফি মাত্র ৫০ থেকে ৩০০ টাকা।

কোন কোন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে

যুব উন্নয়ন অধিদপ্তরের এ কর্মসূচিতে কম্পিউটার, গ্রাফিকস ডিজাইন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, শীতাতপ নিয়ন্ত্রণ, অফিস ব্যবস্থাপনা, পোশাক তৈরি এবং কৃষি ও প্রাণিসম্পদবিষয়ক প্রশিক্ষণের সুযোগ রয়েছে।

কোর্স, মেয়াদ, শিক্ষাগত যোগ্যতা ও ফি নিচে দেওয়া হলো—

১. কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন

এ কোর্সের মেয়াদ ছয় মাস। ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত প্রশিক্ষণ চলবে। রাঙামাটি ছাড়া দেশের ৬৩টি জেলার ৭০টি কেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে। ভর্তির জন্য ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। কোর্স ফি ১ হাজার টাকা।

২. প্রফেশনাল গ্রাফিকস ডিজাইন

গ্রাফিকস ডিজাইনে দক্ষতা অর্জনে ছয় মাসের এ প্রশিক্ষণ নেওয়া যাবে। ঢাকায় দুটি এবং চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় একটি করে মোট পাঁচটি কেন্দ্রে প্রশিক্ষণ হবে। প্রতি কেন্দ্রে আসন ২৪টি। আবেদনের যোগ্যতা এইচএসসি বা সমমান পাস। কোর্স ফি ১ হাজার টাকা।

৩. ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং

এ প্রশিক্ষণের মেয়াদ ছয় মাস। দেশের ৫৩টি জেলার ৫৪টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে। ঢাকায় রয়েছে দুটি কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে আসনসংখ্যা ২৪। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে। কোর্স ফি ৩০০ টাকা।

৪. ইলেকট্রনিকস

ইলেকট্রনিকস বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণের জন্য ছয় মাসের এ কোর্স চালু থাকবে। ৫৯টি জেলার ৬০টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে আসন ২৪টি। আবেদনের যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। কোর্স ফি ৩০০ টাকা।

৫. রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং

রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনার মেরামত এবং রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন আগ্রহীরা। ছয় মাসের এ কোর্স হবে ৫৪টি জেলার ৫৫টি কেন্দ্রে। প্রতিটি কেন্দ্রে আসন ২৪টি। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে। কোর্স ফি ৩০০ টাকা।

৬. মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন

অফিস ব্যবস্থাপনা ও কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ছয় মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। ১৬টি জেলার ২১টি কেন্দ্রে এ কোর্স পরিচালিত হবে। প্রতি কেন্দ্রে আসনসংখ্যা ৪০। আবেদন করতে হলে এইচএসসি বা সমমান পাস হতে হবে। কোর্স ফি ৫০০ টাকা।

৭. পোশাক তৈরি

পোশাক তৈরির কাজ শিখতে আগ্রহীদের জন্য রয়েছে তিন মাসের প্রশিক্ষণ। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত এ কোর্স চলবে। দেশের ৬২টি জেলার ৬৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে। ঢাকায় ছয়টি ও গাজীপুরে দুটি কেন্দ্র রয়েছে। প্রতি কেন্দ্রে আসন ২৫টি। অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে। কোর্স ফি মাত্র ৫০ টাকা।

৮. কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদবিষয়ক প্রশিক্ষণ

গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ এবং কৃষিবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে এ কোর্সে। এটি তিন মাসের আবাসিক প্রশিক্ষণ। দেশের ৬৪টি জেলার আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্রে কোর্সটি পরিচালিত হবে। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোর্স ফি ১০০ টাকা। এর সঙ্গে ফেরতযোগ্য ১০০ টাকা জামানত দিতে হবে।

প্রশিক্ষণার্থীরা কীভাবে ভাতা পাবেন

প্রশিক্ষণ চলাকালে দৈনিক উপস্থিতির ভিত্তিতে সরকারি বিধি অনুযায়ী ভাতা দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএসের মাধ্যমে ভাতার অর্থ পাঠানো হবে।

বিভাগ অনুযায়ী ভাতা পাওয়ার মাধ্যম নির্ধারণ করা হয়েছে। রাজশাহী, রংপুর, বরিশাল ও খুলনা বিভাগের প্রশিক্ষণার্থীরা বিকাশের মাধ্যমে ভাতা পাবেন। অন্যদিকে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রশিক্ষণার্থীদের ভাতা দেওয়া হবে রকেটের মাধ্যমে।

যারা পাবেন বিশেষ সুবিধা

বিজ্ঞপ্তিতে কয়েকটি শ্রেণির প্রার্থীর জন্য বিশেষ সুযোগ ও কোটা রাখা হয়েছে। দলিত সম্প্রদায়ের (সুইপার, ঋষি ও ডোম) তরুণ-তরুণীদের জন্য ৪ শতাংশ এবং প্রতিবন্ধী, অটিস্টিক ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত রয়েছে।

এ ছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা সব প্রশিক্ষণ কোর্সে বিনা মূল্যে ভর্তির সুযোগ পাবেন। যুব সংগঠন কর্তৃক মনোনীত প্রার্থী এবং নারীদের অগ্রাধিকার দেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। যাঁরা নিজেরা অনলাইনে আবেদন করতে পারবেন না, তাঁরা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, যুব প্রশিক্ষণ কেন্দ্র, জেলা কার্যালয় অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সহায়তা নিতে পারবেন।

আবেদনের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, আগে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে থাকলে নতুন করে আবেদন করার সুযোগ নেই।

সাক্ষাৎকার কবে

অনলাইনে আবেদন করা প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে ২০ থেকে ২২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। নিজ নিজ জেলা যুব উন্নয়ন কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকারের সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সঙ্গে নিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ একনজরে

- আবেদনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৬

- সাক্ষাৎকার: ২০–২২ ডিসেম্বর ২০২৬

- প্রশিক্ষণ শুরু: ১ জানুয়ারি ২০২৭

আগ্রহী তরুণ-তরুণীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com