প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০২:৩৩:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০২:৩৩:৫৭ অপরাহ্ন




ভারতের পররাষ্ট্রনীতিকে ‘শোচনীয়’ আখ্যা দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান বললেন, প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। ভারতের এই পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশের সঙ্গেও পড়ছে বলে মন্তব্য করেছেন তিনি


সচিবালয়ে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

ভারতে অবস্থান করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়া এবং বাংলাদেশের রাজনীতিতে দেশটির হস্তক্ষেপের চেষ্টা নিয়ে প্রশ্ন করা হলে আন্দালিব রহমান বলেন, ভারতের পররাষ্ট্রনীতি অত্যন্ত শোচনীয়। শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নয়।


তিনি বলেন, ভারতের এই পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশের ওপরও পড়ছে। ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা এবং দেশটির গণমাধ্যমের মাধ্যমে এসব কর্মকাণ্ডকে সমর্থন দেওয়ার বিষয়টিও একই নীতির প্রতিফলন।

শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার বাধা দেবে কি না, এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, তাকে দেশে ফেরার ক্ষেত্রে বাধা দেওয়ার কিছু নেই। তবে দেশে ফেরার জন্য প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তিনি বলেন, সরকার আইনের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি কীভাবে দেশে ফিরতে চান, সেটি তার নিজের বিষয়। তবে দেশে ফেরার ক্ষেত্রে আইনগত প্রক্রিয়ার বাইরে যাওয়ার সুযোগ নেই।


শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন সময় দেওয়া বক্তব্য এবং আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শনের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা কোনো কার্যকর পদক্ষেপ নেননি। শুধু বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বিষয়টি সামনে আনা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, একদিকে বিমানে ফেরার কথা বলা হচ্ছে, অন্যদিকে দলের গুরুত্বপূর্ণ নেতারা সীমান্ত এলাকা পরিদর্শন করছেন। এ ধরনের পরস্পরবিরোধী অবস্থানের কারণে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

তথ্যমন্ত্রীর ভাষ্য, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরতে চান, সে বিষয়ে আওয়ামী লীগের নেতাদের নিজেদের অবস্থান পরিষ্কার করা উচিত। তার মতে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আন্দালিব রহমান বলেন, অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের সময়ে দেশে স্বাভাবিক পরিবেশ ও রাজনৈতিক সম্প্রীতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কিন্তু আওয়ামী লীগের কাছে এই পরিস্থিতি ভালো লাগছে না। তিনি বলেন, বিরোধী দলের সঙ্গে সরকারের সম্পর্ক, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং সামগ্রিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। বর্তমানে দেশের রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় মদদে হত্যা, গুম, ব্যাংক লুটের মতো ঘটনা বন্ধ রেখে সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ভেঙে পড়ার পরও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেগুলো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন কার্যক্রম পৌঁছে যাচ্ছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com