দেশের মানুষের জীবন-মৃত্যুকে খেলার মতো মনে করতেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। রাষ্ট্রের দেওয়া ক্ষমতা ও অস্ত্র ব্যবহার করে নিজ দেশের মানুষকে হত্যা করেছেন তিনি। শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্কের সমাপনী বক্তব্যে এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি এসব কথা বলেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক চলছে।
গুম-খুনের ঘটনাগুলোর বর্ণনা দিতে গিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে এসব গুম-খুন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর আঘাত হানেনি, আঘাত হেনেছে মানুষের জীবনের ওপর। এসব ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
তিনি আরও বলেন, রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের নিজ দেশের মানুষকে হত্যার কাজে ব্যবহার করেছেন জিয়াউল আহসান। তাই এই বিচার শুধু বাংলাদেশের নয়, সমগ্র মানবতার পক্ষে জবাবদিহির দাবি।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, এই বিচার নিহত মানুষকে ফিরিয়ে আনতে পারবে না। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাজারো বেদনাও ঘুচবে না। এরপরও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এই বিচারের প্রয়োজন রয়েছে।
ট্রাইব্যুনালে উপস্থিত রয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিচারকাজ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।