গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় শুরু থেকে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা ছিল বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। অন্যদিকে, বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও শ্রমিকদের বেতন ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শ্রম ভবনে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন।
এ সময় শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, নতুন মজুরি বোর্ড গঠনের ক্ষেত্রে মালিকপক্ষও ইতিবাচক ভূমিকা রেখেছে। আগামীকালের মধ্যে সব কারখানা খুলে উৎপাদন শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর স্বল্প সময়ের মধ্যেই শ্রম আইন পাস করেছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করা হয়েছে। বৈশ্বিক নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও শ্রমিকদের বেতন ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব হয়েছে।
এ সময় সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস শ্রমিকদের পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা, শ্রমিক ইউনিয়ন গঠন এবং ঈদ-পূজাসহ বিভিন্ন উৎসবে বেতন-বোনাস নিশ্চিত করতে বিশেষ তহবিল গঠনের উদ্যোগের কথা জানান।
পরে শ্রমিক নেতা বাবুল আক্তার নতুন মজুরির ঘোষণা সব শ্রমিকের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আন্দোলনের সময় আটক শ্রমিক ও নেতাদের মুক্তির দাবিও জানান তিনি।