ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর)

ট্রেনের ঘোষণা শোনা যায়, বোঝা যায় না

আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০১:২৫:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০১:২৫:২২ অপরাহ্ন


স্টেশনে ট্রেনের আগমন, যাত্রা, প্ল্যাটফর্ম পরিবর্তন কিংবা বিলম্বের তথ্য যাত্রীদের কাছে পৌঁছানোর অন্যতম মাধ্যম মাইকের ঘোষণা। কিন্তু ঘোষণা শোনা গেলেও অনেক সময় বোঝা যায় না কী বলা হচ্ছে। কোথাও শব্দ কর্কশ, কোথাও ভাঙা ভাঙা, আবার কোথাও প্রতিধ্বনির কারণে কথাগুলো অস্পষ্ট হয়ে যায়। বিশেষ করে দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) ট্রেনের ইঞ্জিন, হর্ন ও যাত্রীদের কোলাহলের মধ্যে গুরুত্বপূর্ণ ঘোষণাও হারিয়ে যায়। ফলে প্রয়োজনীয় তথ্য জানতে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।


অথচ বিশ্বের বিভিন্ন দেশের বড় রেলস্টেশনে যাত্রীদের কাছে স্পষ্ট ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে ব্যবহার করা হচ্ছে আধুনিক সাউন্ড সিস্টেম, ডিজিটাল অডিও কন্ট্রোল, জোনভিত্তিক স্পিকার ও স্বয়ংক্রিয় ঘোষণাব্যবস্থা। এসব ব্যবস্থায় শুধু শব্দের উচ্চতা নয়; ঘোষণার বোধগম্যতা, সব জায়গায় শব্দের সমান বিস্তার এবং আশপাশের কোলাহল বিবেচনায় নেওয়া হয়। কোনো ঘোষণা শোনার পাশাপাশি সেটি লিখিত আকারেও দেখার সুযোগ থাকে।


ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) ট্রেনের ইঞ্জিন, হর্ন ও যাত্রীদের কোলাহলের মধ্যে মাইকের ঘোষণা অনেক সময় অস্পষ্ট বা কর্কশ শোনায়। স্টেশনের প্রবেশপথ, টিকিট কাউন্টার ও প্ল্যাটফর্মজুড়ে হর্ন স্পিকার থাকলেও অনেকগুলো নষ্ট, আবার সচলগুলো থেকেও সব জায়গায় স্পষ্ট শব্দ পৌঁছায় না। এর ওপর প্রতিটি প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে থাকা আগের এলইডি ডিসপ্লে বোর্ডগুলো না থাকায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ প্ল্যাটফর্মের মাঝামাঝি বা শেষ প্রান্তে থাকা যাত্রীদের তথ্য জানতে বাড়তি ভোগান্তি পোহাতে হয়। ছোট ও শব্দনিরোধকহীন ঘোষণাকক্ষ থেকে আটটি অ্যানালগ মিক্সার অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে পুরো স্টেশনের শতাধিক স্পিকার চালানো হচ্ছে। এমনকি মাইক্রোফোনে মাঝেমধ্যে বিদ্যুতের সংযোগ আসায় শক খাওয়ার ভয়ে কাজ করতে হয় কর্মীদের।
বাংলাদেশের রেলওয়ে স্টেশনগুলোর ঘোষণাব্যবস্থা নিয়েও সন্তুষ্ট নন খোদ রেলওয়ের মহাপরিচালক। তার ভাষ্য, পুরোনো হর্নভিত্তিক ব্যবস্থার উন্নয়নের সুযোগ রয়েছে। শব্দ-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঘোষণার শব্দ স্পষ্ট ও শ্রুতিমধুর করতে খুব বেশি অর্থ ব্যয়ের প্রয়োজন নেই। প্রয়োজন যন্ত্রপাতির যথাযথ সমন্বয়, পরিকল্পিত স্থাপন ও সদিচ্ছা।


সম্প্রতি ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, টিকিট কাউন্টার, প্রবেশপথ, অপেক্ষার জায়গা থেকে শুরু করে প্রতিটি প্ল্যাটফর্মে পিএ (পাবলিক অ্যাড্রেস) সিস্টেমের হর্ন স্পিকার বসানো হয়েছে। প্ল্যাটফর্মগুলোতে এক পিলার পরপর উভয় দিকে মুখ করে রয়েছে এসব স্পিকার। তবে অনেক স্পিকারই নষ্ট। যেগুলো সচল রয়েছে, সেগুলো থেকেও সাধারণ সময়ে ঘোষণা স্পষ্টভাবে শোনা যায় না। প্ল্যাটফর্মে ট্রেনের রেক ও ইঞ্জিন অবস্থান করলে ইঞ্জিনের শব্দ এবং যাত্রীদের কোলাহলে ঘোষণা শোনা আরও কঠিন হয়ে পড়ে।


সমস্যা আরও বাড়িয়েছে তথ্য প্রদর্শনের বিকল্প ব্যবস্থার অভাব। প্রতিটি প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে ট্রেনের সময়সূচি ও অন্যান্য তথ্য প্রদর্শনের জন্য আগে যে এলইডি ডিসপ্লে বোর্ড ছিল, সেগুলো এখন আর নেই। ফলে প্রায় এক কিলোমিটার দীর্ঘ প্ল্যাটফর্মের মাঝামাঝি কিংবা শেষ প্রান্তে অবস্থান করা যাত্রীদের ট্রেনের তথ্য জানার দৃশ্যমান কোনো সুযোগ থাকছে না। মাইকের ঘোষণা অস্পষ্ট হওয়ায় বিকল্প তথ্যব্যবস্থার অভাবও তাদের ভোগান্তি বাড়াচ্ছে। তবে, পুরো স্টেশনজুড়ে ৫টির মতো বড় এলইডি ডিসপ্লে বোর্ড আছে। এর মধ্যে আবার ২টি আংশিক নষ্ট।


জাপানের রেলস্টেশনগুলোতে স্বয়ংক্রিয় ঘোষণা ও ডিজিটাল প্রযুক্তির সমন্বিত ব্যবহার রয়েছে। দেশটির রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি স্টেশনগুলোতে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের পাশাপাশি ডিজিটাল ডিসপ্লে, বহুভাষিক ঘোষণা ও স্মার্টফোনভিত্তিক তথ্যসেবা ব্যবহার করে। ট্রেনের সময়সূচি, গন্তব্য, বিলম্ব ও প্ল্যাটফর্ম পরিবর্তনের তথ্য অডিও ঘোষণার পাশাপাশি স্ক্রিনেও প্রদর্শন করা হয়। এ ছাড়া ২০২৫ সালের আগস্ট থেকে জাপানের ১২টি স্টেশনে ‘মিয়েরু অ্যানাউন্স’ নামে একটি প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়। ইয়ামাহার তৈরি এ প্রযুক্তির মাধ্যমে স্টেশনে দেওয়া ঘোষণার লিখিত রূপ যাত্রীরা স্মার্টফোনে দেখতে পারেন। এ জন্য বিশেষ অ্যাপের প্রয়োজন হয় না; কিউআর কোড স্ক্যান করেই জাপানি, ইংরেজি, চীনা ও কোরীয় ভাষায় ঘোষণার তথ্য পাওয়া যায়।
ঢাকা রেলওয়ে স্টেশনের পিএ সিস্টেমের এনাউন্সমেন্ট কক্ষে গিয়ে দেখা যায়, খুবই ছোট একটি কক্ষ থেকে পরিচালিত হচ্ছে পুরো স্টেশনের ঘোষণাব্যবস্থা। একটি সাধারণ কাঠের টেবিলের ওপর রাখা দুটি মাইক্রোফোন ও একটি টেলিফোন সেট। টেবিলের দুই পাশে দুটি চেয়ার, পেছনে একটি আলমারি। কক্ষটিতে বাইরের শব্দ প্রবেশ ঠেকাতে কোনো সাউন্ডপ্রুফিং বা শব্দ-নিরোধক ব্যবস্থা নেই। ফলে বাইরে থেকে আসা শব্দের প্রভাব পড়ে ঘোষণার কার্যক্রমে।

টেবিলের সামনে রাখা রয়েছে পিএ সিস্টেমের আটটি প্রচলিত অ্যানালগ মিক্সার অ্যাম্পলিফায়ার। এসব অ্যাম্প্লিফায়ারের সঙ্গে যুক্ত পুরো স্টেশনের শতাধিক স্পিকার। এত বড় একটি স্টেশনের ঘোষণাব্যবস্থা পরিচালিত হচ্ছে এই আটটি অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে।

এনাউন্সমেন্ট কর্মীরা জানিয়েছেন, মাইক্রোফোনগুলোতে মাঝেমধ্যে বিদ্যুতের সংযোগ চলে আসে। ফলে ভয়ে ভয়ে মাইক্রোফোন ব্যবহার করতে হয় তাদের। ঠোঁটের কাছে মাইক্রোফোন এনে কথা বলতেও ভয় পান তারা। তাদের অনেকেই মাইক্রোফোন থেকে বিদ্যুতের শক খেয়েছেন।


বাংলাদেশ রেলওয়ের নিজস্ব কর্মীরাও বর্তমান পিএ সিস্টেম নিয়ে সন্তুষ্ট নন। তারাও মনে করেন, পুরোনো ব্যবস্থা বাদ দিয়ে আধুনিক পিএ সিস্টেম চালু করা প্রয়োজন। স্টেশনে মাইকে ঘোষণা দেওয়া হলেও তা অনেক সময় ঠিকমতো শোনা যায় না। ফলে যাত্রীরা যেমন প্রয়োজনীয় তথ্য জানতে সমস্যায় পড়েন, তেমনি বিব্রত হন কর্মীরাও।

রেলওয়ের স্টেশনগুলোতে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হর্নভিত্তিক ঘোষণা ব্যবস্থা আরও উন্নত করার সুযোগ রয়েছে। যেসব হর্ন নষ্ট রয়েছে বা ঠিকমতো কাজ করছে না, সেগুলো মেরামত কিংবা পরিবর্তনের উদ্যোগ নেওয়া যেতে পারে।
— মো. আফজাল হোসেন, মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে
প্রায়ই ঢাকা রেলওয়ে স্টেশন ব্যবহার করে ট্রেনে যাতায়াত করেন সাদিকুল ইসলাম মারুফ। তিনি ঢাকা পোস্টকে বলেন, প্রায় প্রতি সপ্তাহে আমাকে যমুনা সেতু পূর্ব স্টেশনে যেতে হয়। স্টেশনে দীর্ঘসময় অবস্থান করলেও মাইকে দেওয়া ঘোষণা ঠিকমতো শোনা যায় না, আবার শুনলেও তা বোঝা কঠিন। তবে স্টেশনের সময়সূচির বোর্ড দেখে অনুমান করতে পারি, হয়ত ওই ট্রেনের কথাই ঘোষণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে আগে একটি করে বড় সময়সূচির বোর্ড ছিল। সেগুলো এখন আর নেই। অনেক সময় প্ল্যাটফর্মের শুরুর দিকে জায়গা না পেয়ে যাত্রীরা মাঝামাঝি স্থানে গিয়ে বসে বিশ্রাম নেন। এক কিলোমিটার দীর্ঘ প্ল্যাটফর্মের মাঝামাঝি বা শেষ প্রান্তে অবস্থান করে মাইকের ঘোষণা ঠিকমতো শুনতে না পেলে ট্রেনের সময়সূচি দেখতে আবার ৫০০ থেকে ৭০০ মিটার হাঁটতে হয়। এতে যাত্রীদের বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে।


তাসলিমা স্বর্ণা নামের একজন যাত্রী ঢাকা পোস্টকে বলেন, স্টেশনের ঘোষণা আমি বুঝতেই পারি না। খুবই কর্কশ শোনায়। শুধু কর্কশ হলেও একটা কথা ছিল, কিন্তু একটি লাইনে ছয়টি শব্দ থাকলে তার তিনটি শব্দ বিকট শোনায়, আর বাকি তিনটি শব্দ প্রায় শোনাই যায় না। দেশের প্রধান একটি স্টেশনে এমন ঘোষণা মেনে নেওয়া যায় না। রেলের উচিত আন্তর্জাতিক মানের ঘোষণা ব্যবস্থা যুক্ত করা, যেখানে ঘোষণা অবশ্যই স্পষ্ট শোনা যাবে।

রেলওয়ে স্টেশনের যাত্রীসেবার মান বাড়াতে আমাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে স্টেশনের সার্বিক ব্যবস্থা উন্নয়নে কাজ করা হচ্ছে। ঘোষণাব্যবস্থার কারণে কোথাও শব্দদূষণ হয়ে থাকলে, সেখান থেকে যাত্রীদের মুক্ত করতেও সরকার কাজ করবে।
— রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব
ঢাকা রেলওয়ে স্টেশনের দায়িত্বশীল একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, এই এনাউন্সমেন্ট স্টেশনের বিভিন্ন জায়গা থেকে আমরাই ঠিকমতো শুনতে পাই না। কখনও কখনও বুঝতেও পারি না। আমরা রেলের কাজের সঙ্গে জড়িত বলে একটু শুনলে আরেকটু বুঝতে পারি। যাত্রীরা কী করে বুঝবেন?

তিনি আরও বলেন, এটি আধুনিকায়নের কাজ আমাদের না, আমরা শুধু স্টেশনে কাজ করি। এটি সেট করে দিয়ে গেছে, আমরা শুধু কর্মী বসিয়ে ঘোষণা দেওয়ার কাজ করি।

বিদেশের স্টেশনে প্রযুক্তিনির্ভর ঘোষণা

বিশ্বের বিভিন্ন দেশের রেলস্টেশনে যাত্রীদের তথ্য সরবরাহে অডিও ঘোষণার পাশাপাশি ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ছে। কোথাও একাধিক ভাষায় স্বয়ংক্রিয় ঘোষণা দেওয়া হচ্ছে, কোথাও মাইকে বলা কথার লিখিত রূপও দেখা যাচ্ছে। এতে শব্দের সমস্যার পাশাপাশি শ্রবণপ্রতিবন্ধী ও বিদেশি যাত্রীদের তথ্য পাওয়ার সুযোগও বাড়ছে।



জাপানের রেলস্টেশনগুলোতে স্বয়ংক্রিয় ঘোষণা ও ডিজিটাল প্রযুক্তির সমন্বিত ব্যবহার রয়েছে। দেশটির রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি স্টেশনগুলোতে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের পাশাপাশি ডিজিটাল ডিসপ্লে, বহুভাষিক ঘোষণা ও স্মার্টফোনভিত্তিক তথ্যসেবা ব্যবহার করে। ট্রেনের সময়সূচি, গন্তব্য, বিলম্ব ও প্ল্যাটফর্ম পরিবর্তনের তথ্য অডিও ঘোষণার পাশাপাশি স্ক্রিনেও প্রদর্শন করা হয়। এছাড়া ২০২৫ সালের আগস্ট থেকে জাপানের ১২টি স্টেশনে ‘মিয়েরু অ্যানাউন্স’ নামে একটি প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়। ইয়ামাহার তৈরি এ প্রযুক্তির মাধ্যমে স্টেশনে দেওয়া ঘোষণার লিখিত রূপ যাত্রীরা স্মার্টফোনে দেখতে পারেন। এজন্য বিশেষ অ্যাপের প্রয়োজন হয় না; কিউআর কোড স্ক্যান করেই জাপানি, ইংরেজি, চীনা ও কোরীয় ভাষায় ঘোষণার তথ্য পাওয়া যায়।

ভালো মানের একটি ব্যবস্থা গড়ে তোলা মূলত সদিচ্ছার বিষয়। বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক প্রযুক্তির পিএ সিস্টেম স্থাপন করা হলে ঘোষণার শব্দ আরও স্পষ্ট ও শ্রুতিমধুর করা সম্ভব।
— রাশিদ শরীফ শোয়েব, মিউজিক কম্পোজার ও সাউন্ড ডিজাইনার
যুক্তরাজ্যের রেলস্টেশনগুলোতে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের পাশাপাশি ডিজিটাল ডিসপ্লে ও জরুরি সতর্ক সংকেতের সমন্বিত ব্যবহার রয়েছে। দেশটির রেল অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠান নেটওয়ার্ক রেলের ২০২৪ সালের ইনক্লুসিভ ডিজাইন নির্দেশিকা অনুযায়ী, স্টেশনের প্রবেশপথ, প্ল্যাটফর্ম, অপেক্ষাকক্ষসহ যাত্রীদের চলাচলের সব জায়গায় স্পষ্টভাবে ঘোষণা পৌঁছানোর জন্য পর্যাপ্ত স্পিকার স্থাপন করতে হয়। স্টেশনের পরিবেশ ও শব্দের মাত্রা বিবেচনায় স্পিকারের শব্দ নিয়ন্ত্রণের ব্যবস্থাও রাখতে হয়। মাইকে দেওয়া ঘোষণার তথ্য ডিজিটাল ডিসপ্লেতেও প্রদর্শন করা হয়, যাতে শ্রবণপ্রতিবন্ধী বা কানে কম শোনেন এমন যাত্রীরাও প্রয়োজনীয় তথ্য জানতে পারেন। জরুরি পরিস্থিতিতে সাধারণ ঘোষণার চেয়ে জরুরি বার্তাকে অগ্রাধিকার দেওয়া এবং দৃশ্যমান সতর্কসংকেত ব্যবহারের ব্যবস্থাও রয়েছে।


জার্মানির রেলস্টেশনগুলোতে ভিওআইপি প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় পাবলিক অ্যাড্রেস সিস্টেম ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণব্যবস্থা ব্যবহার করা হয়। দেশটির বার্লিন এস-বান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে নেটওয়ার্কের মাধ্যমে স্টেশনের বিভিন্ন স্থানে স্থাপিত স্পিকারে ঘোষণা পাঠানো হয়। ট্রেনের নম্বর, গন্তব্য, পরবর্তী স্টেশন, বিলম্ব ও প্ল্যাটফর্ম পরিবর্তনের তথ্য স্বয়ংক্রিয়ভাবে প্রচার করা যায়। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি ঘোষণা দিতে পারেন। দেশটির রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডয়েচে বানও স্টেশনগুলোতে যাত্রী তথ্য সরবরাহব্যবস্থা আধুনিকায়নে কাজ করছে। তাদের আইআরআইএস প্লাস প্রযুক্তির মাধ্যমে কেন্দ্রীয়ভাবে তথ্য নিয়ন্ত্রণ ও ডিজিটাল ডিসপ্লেতে তা প্রদর্শন করা হয়। এ ব্যবস্থায় এলইডি ম্যাট্রিক্স ডিসপ্লে, ইন্টারঅ্যাকটিভ তথ্য প্যানেল এবং নেটওয়ার্ক সংযুক্ত অডিও ডিভাইস ব্যবহার করা হচ্ছে।

সাউন্ড সিস্টেমের মান নির্ধারণে শব্দের উচ্চতার পাশাপাশি কথার বোধগম্যতা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিকভাবে এজন্য স্পিচ ট্রান্সমিশন ইনডেক্স (এসটিআই) ব্যবহার করা হয়। এর মাধ্যমে কোনো নির্দিষ্ট স্থানে ঘোষণার শব্দ কতটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, তা পরিমাপ করা সম্ভব।

স্টেশনের ঘোষণা আমি বুঝতেই পারি না। খুবই কর্কশ শোনায়। শুধু কর্কশ হলেও একটা কথা ছিল, কিন্তু একটি লাইনে ছয়টি শব্দ থাকলে তার তিনটি শব্দ বিকট শোনায়, আর বাকি তিনটি শব্দ প্রায় শোনাই যায় না। দেশের প্রধান একটি স্টেশনে এমন ঘোষণা মেনে নেওয়া যায় না।
— তাসলিমা স্বর্ণা, যাত্রী
বিশেষজ্ঞদের বিবেচনায় ঘোষণার মান কমে যাওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে নষ্ট বা নিম্নমানের স্পিকার, অ্যাম্প্লিফায়ারের অতিরিক্ত গেইন, দুর্বল সংযোগ, অপরিকল্পিত স্পিকার স্থাপন এবং স্টেশনের ছাদ ও দেয়ালে শব্দ প্রতিফলিত হওয়া। এসব কারণে মাইকে কর্কশ শব্দ, ভাঙা আওয়াজ কিংবা প্রতিধ্বনি তৈরি হতে পারে।

এছাড়া ট্রেনের ইঞ্জিন, হর্ন, ব্রেক এবং যাত্রীদের কথাবার্তার শব্দও ঘোষণার স্বচ্ছতা কমিয়ে দেয়। তাই শুধু ভলিউম বাড়িয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। বরং পরিবেশের শব্দ বিবেচনায় নিয়ে স্পিকারের অবস্থান, সংখ্যা ও ক্ষমতা নির্ধারণ করতে হয়।

যুক্তরাষ্ট্রের অ্যামট্রাকের স্টেশন পরিকল্পনা নির্দেশিকায় প্ল্যাটফর্মে প্রতিধ্বনির সময় সর্বোচ্চ ১ দশমিক ৫ সেকেন্ড রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেখানে কাছাকাছি দূরত্বে একাধিক স্পিকার বসিয়ে সমানভাবে শব্দ ছড়িয়ে দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

সদিচ্ছা থাকলে খুব বেশি খরচের প্রয়োজন নেই

বিষয়গুলো নিয়ে সিনেমার মিউজিক কম্পোজার, সাউন্ড ডিজাইনার এবং ‘মেঘদল’-এর গিটারিস্ট রাশিদ শরীফ শোয়েব মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকা পোস্টকে বলেন, বাংলাদেশের সরকারি বিভিন্ন স্থাপনার সাউন্ড সিস্টেমের অবস্থা খুবই খারাপ। ঢাকা রেলওয়ে স্টেশনের ঘোষণা ব্যবস্থাই শুধু নয়, সরকারি বিভিন্ন স্থাপনা, এমনকি সিনেমার প্রিভিউ দেখানোর জন্য তৈরি কক্ষগুলোর সাউন্ডের মানও অত্যন্ত নিম্নমানের। আসলে বাংলাদেশের সার্বিক ব্যবস্থার প্রতিফলনই যেন এসব ঘোষণায় শোনা যায়।

তিনি বলেন, ঘোষণা ব্যবস্থার ক্ষেত্রে শুধু অ্যামপ্লিফায়ার বা স্পিকার থাকলেই হবে না। এখানে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, ভালো মানের মাইক্রোফোন ব্যবহার করতে হবে। কারণ, অ্যামপ্লিফায়ার ও স্পিকার যত ভালোই হোক, মাইক্রোফোনের মান খারাপ হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। প্রতিটি যন্ত্র একে অপরের সঙ্গে সংযুক্ত। তাই পুরো ব্যবস্থার প্রতিটি অংশের মান ভালো হওয়া প্রয়োজন।



দ্বিতীয়ত, সাউন্ডের যথাযথ অ্যামপ্লিফিকেশন নিশ্চিত করতে হবে, যাতে ঘোষণা মানুষের কানে স্পষ্টভাবে পৌঁছায়, কিন্তু শব্দ বিকৃত না হয়। এক্ষেত্রে অ্যামপ্লিফায়ারের সক্ষমতার পাশাপাশি হেডরুম নিশ্চিত করাও জরুরি। ধরুন, কোনো ব্যবস্থায় পাঁচ হাজার ওয়াট ক্ষমতার প্রয়োজন হলে হেডরুম নিশ্চিত করতে তার চেয়ে বেশি সক্ষমতার অ্যামপ্লিফায়ার রাখতে হতে পারে। প্রয়োজন অনুযায়ী সক্ষমতা না রেখে অ্যামপ্লিফায়ারকে সবসময় সর্বোচ্চ পর্যায়ে চালালে সাউন্ড বিকৃত হয়ে যায়।

তৃতীয়ত, মাইক্রোফোন থেকে অ্যামপ্লিফায়ারে যাওয়ার আগে সাউন্ড প্রসেসিংয়ের ব্যবস্থা থাকা প্রয়োজন। এ জন্য একটি মিক্সার বা ইকুয়ালাইজার ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে কণ্ঠের শব্দ কিছুটা নিয়ন্ত্রণ ও পরিমার্জন করা যায়, যাতে ঘোষণা আরও পরিষ্কার ও শ্রুতিমধুর শোনায়।

তিনি আরও বলেন, যে স্পিকারের মাধ্যমে মানুষ ঘোষণা শুনবে, সেটির মানও ভালো হতে হবে। অর্থাৎ মাইক্রোফোন, মিক্সার বা ইকুয়ালাইজার, অ্যাম্প্লিফায়ার ও স্পিকার— সবকিছুর সমন্বয়েই একটি ভালো পাবলিক অ্যাড্রেস (পিএ) সিস্টেম তৈরি হয়। এজন্য খুব বেশি অর্থ ব্যয় করার প্রয়োজন নেই। ভালো মানের একটি ব্যবস্থা গড়ে তোলা মূলত সদিচ্ছার বিষয়। বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক প্রযুক্তির পিএ সিস্টেম স্থাপন করা হলে ঘোষণার শব্দ আরও স্পষ্ট ও শ্রুতিমধুর করা সম্ভব।

বর্তমানে রেলস্টেশনের জন্য বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে ডিজিটাল পাবলিক অ্যাড্রেস কন্ট্রোলার, ডিজিটাল সিগন্যাল প্রসেসর (ডিএসপি), আইপি-ভিত্তিক অডিও নেটওয়ার্ক, ক্লাস-ডি পাওয়ার অ্যাম্প্লিফায়ার এবং ডিজিটাল বিম-স্টিয়ারিং কলাম স্পিকার। এসব প্রযুক্তির মাধ্যমে আলাদা প্ল্যাটফর্মে আলাদা ঘোষণা দেওয়া, শব্দের মান নিয়ন্ত্রণ, স্বয়ংক্রিয় বার্তা প্রচার এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণব্যবস্থার সঙ্গে সংযোগ স্থাপন সম্ভব।




বড় স্টেশনে প্ল্যাটফর্মের ধরন অনুযায়ী কলাম স্পিকার, হর্ন স্পিকার ও সাউন্ড প্রজেক্টর ব্যবহার করা যায়। অপেক্ষা কক্ষ, টিকিট কাউন্টার ও করিডোরে ব্যবহার করা সম্ভব সিলিং স্পিকার। পরিবেশের শব্দ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ঘোষণার ভলিউম সমন্বয়ের ব্যবস্থাও রয়েছে।

শুধু স্পিকার ও অ্যাম্প্লিফায়ার পরিবর্তন করলেই অবশ্য পুরো সমস্যার সমাধান হবে না। এ জন্য ঘোষণাকক্ষেরও আধুনিকায়ন প্রয়োজন। শব্দ নিরোধক কক্ষ, অ্যাকুস্টিক প্যানেল, ডিজিটাল অডিও কন্ট্রোলার, জোনভিত্তিক মনিটরিং, ইউপিএস এবং বিকল্প বিদ্যুৎ সরবরাহ থাকতে হয়। অপারেটর যেন প্রতিটি প্ল্যাটফর্মে কী ধরনের শব্দ যাচ্ছে, তা পর্যবেক্ষণ করতে পারেন, সে ব্যবস্থাও গুরুত্বপূর্ণ।

আধুনিকায়নের সুযোগ দেখছে রেলওয়ে

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ও প্রকৌশলী মো. আফজাল হোসেন সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা পোস্টকে বলেন, রেলওয়ের স্টেশনগুলোতে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হর্নভিত্তিক ঘোষণা ব্যবস্থা আরও উন্নত করার সুযোগ রয়েছে। যেসব হর্ন নষ্ট রয়েছে বা ঠিকমতো কাজ করছে না, সেগুলো মেরামত কিংবা পরিবর্তনের উদ্যোগ নেওয়া যেতে পারে। পাশাপাশি ঘোষণার সময় ব্যবহৃত সাউন্ড সিস্টেম ও আর্থিংয়ের বিষয়টিও পরীক্ষা করে দেখা হবে। ঘোষকদের উচ্চারণ ও ঘোষণা দেওয়ার দক্ষতা উন্নয়নের বিষয়েও আলোচনা করা যেতে পারে।


তিনি বলেন, বর্তমানে রেলওয়ের স্টেশনগুলোতে মূলত পুরোনো হর্নভিত্তিক ঘোষণা ব্যবস্থা চালু রয়েছে। এ ব্যবস্থা দীর্ঘস্থায়ী হওয়ায় দীর্ঘদিন ধরে ব্যবহার করা হচ্ছে। তবে আধুনিক বক্সভিত্তিক সাউন্ড সিস্টেমও কিছু জায়গায় রয়েছে। বিষয়টি নিয়ে রেলওয়ের সংশ্লিষ্ট সিগন্যাল বিভাগের সঙ্গে আলোচনা করা হবে। কীভাবে ঘোষণার শব্দ আরও স্পষ্ট ও শ্রুতিমধুর করা যায়, তা খতিয়ে দেখা হবে।

রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকা পোস্টকে বলেন, রেলওয়ে স্টেশনের যাত্রীসেবার মান বাড়াতে আমাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে স্টেশনের সার্বিক ব্যবস্থা উন্নয়নে কাজ করা হচ্ছে। ঘোষণাব্যবস্থার কারণে কোথাও শব্দদূষণ হয়ে থাকলে, সেখান থেকে যাত্রীদের মুক্ত করতেও সরকার কাজ করবে। প্রতিটি স্টেশনে যাত্রীসেবা বাড়ানোর জন্য ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com