নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, চরম বিপাকে যাত্রীরা

আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০২:৩৪:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০২:৩৪:১৩ অপরাহ্ন



জেলা প্রতিনিধি, নওগাঁ


বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের বিরোধের জেরে নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকেরা। রোববার সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটের কারণে জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।


কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ বাস বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস না পেয়ে বাধ্য হয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। এতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগার পাশাপাশি গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া।

সকাল ১০টার দিকে শহরের বালুডাঙ্গা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, নওগাঁ থেকে রাজশাহীসহ দূরপাল্লার কিংবা অভ্যন্তরীণ কোনো রুটের বাস ছেড়ে যাচ্ছে না। টার্মিনালে সারিবদ্ধভাবে বাস দাঁড়িয়ে আছে, আর স্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রীরা বিকল্প যানের খোঁজে ছোটাছুটি করছেন।

সকালে জরুরি কাজে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন নওগাঁ শহরের বাসিন্দা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এটা যেন এখন নিয়মে পরিণত হয়েছে। কিছুদিন আগেই বাস বন্ধ রেখে সাধারণ মানুষকে জিম্মি করা হলো, সেই রেশ কাটতে না কাটতেই আজ আবার হঠাৎ ধর্মঘট। ওনাদের নিজেদের মধ্যে ঝামেলা হলেই কোনো ঘোষণা ছাড়া বাস বন্ধ করে দেন, আর তার খেসারত দিতে হয় আমাদের মতো সাধারণ যাত্রীদের।

ধর্মঘটের কারণ জানতে চাইলে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, সরকারি আইন অনুযায়ী মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ। প্রশাসন ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বারবার নিষেধ করার পরও অটোরিকশাচালকেরা তা মানছেন না। এতে মহাসড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তাই বাস মালিক ও শ্রমিক সমিতির সম্মতিতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস চলবে না।

তিনি আরও জানান, গত সেপ্টেম্বরে যাত্রী তোলা নিয়ে দ্বন্দ্বের জেরে বালুডাঙ্গা ও পত্নীতলার নজিপুরে বাসচালক ও সহকারীর ওপর হামলার ঘটনায় তিন দিন ধর্মঘট চলেছিল। পরে প্রশাসনের মধ্যস্থতায় বৈঠকে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মহাসড়কে অটোরিকশা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করে গাড়ি চালানো হচ্ছে। স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগও কাজে আসেনি বলে দাবি করেন তিনি।

অন্যদিকে বাস শ্রমিকদের বিরুদ্ধে উল্টো অভিযোগ তুলেছেন নওগাঁ অটোরিকশা মালিক সমিতির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম। তার ভাষ্য, বাস মালিক ও শ্রমিকেরা বারবার সাধারণ মানুষ ও প্রশাসনকে জিম্মি করে তাদের অযৌক্তিক দাবি আদায় করেন। তারা সড়কে আমাদের অটোরিকশাও চলতে দিচ্ছেন না। গত সেপ্টেম্বরেও তারা প্রায় ২০টি অটোরিকশা ভাঙচুর করেছিলেন।

প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ নাকচ করে শহিদুল ইসলাম বলেন, সেপ্টেম্বরের বৈঠকে প্রশাসন ওই সময়ের প্রস্তাব দিয়েছিল মাত্র, কোনো চূান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা প্রস্তাবটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছিলাম এবং পরবর্তী বৈঠকে সমাধানের কথা ছিল। কিন্তু আর কোনো বৈঠক না হওয়ায় সিদ্ধান্ত অমান্যের প্রশ্নই ওঠে না।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com