হান্নান মাসউদকে হুমকি দেওয়া সেই যুবক গ্রেফতার

আপলোড সময় : ২১-১২-২০২৫ ১২:৫৫:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১২-২০২৫ ১২:৫৫:৩৬ অপরাহ্ন


নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় যুবক গ্রেফতার।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে হাতিয়া থানা পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরইশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নন্দরোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবকের নাম ইসরাত রায়হান অমি। তিনি চরইশ্বর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ইসরাত রায়হান অমির বিরুদ্ধে হাতিয়া থানায় পূর্ব থেকেই তিনটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্নভাবে এলাকায় উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে আসছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

ঘটনার সূত্রপাত হয় শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে। ওই সময় ইসরাত রায়হান অমি একজন এনসিপি কর্মীর কাছে মেসেঞ্জারের মাধ্যমে চরম উসকানিমূলক ও হুমকিমূলক বার্তা পাঠান। বার্তায় তিনি উল্লেখ করেন, সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদকে গ্রেফতারের চেষ্টা করা হলে হান্নান মাসউদ ও তানভীরসহ অন্যান্য নেতাদের হাতিয়ার উত্তর অঞ্চলে চলাচল ‘হারাম’ করে দেওয়া হবে। বার্তায় আরও ভয়ংকর ভাষায় লেখা হয়—‘সরাসরি গিলে খেয়ে ফেলবে আমাদের নেতাকর্মীরা।’

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ‘রুপক নন্দী’ নামের একটি ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই পোস্টে সরাসরি হান্নান মাসউদকে উদ্দেশ করে লেখা হয়, হান্নান, আগুন নিয়ে খেলা করো না। পরে পস্তাতে হবে—বলে দিলাম। 

পোস্টে আরও বলা হয়, সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদকে যারা ভালোবাসেন, তারা হান্নান মাসউদকে ছাড় দেবেন না। এমনকি হালিম আজাদকে গ্রেফতার করা হলে হান্নান মাসউদকে হাতিয়ায় নিষিদ্ধ করার ঘোষণাও দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।

এই হুমকি ও উসকানিমূলক বক্তব্য ঘিরে এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেফতার করে। 

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com