​বেনজীরের জব্দকৃত সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করছে দুদক

আপলোড সময় : ২৩-১২-২০২৫ ১২:১৬:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১২-২০২৫ ১২:১৬:০৭ অপরাহ্ন


বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জব্দকৃত সকল সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি জানান, বেনজীর আহমেদের ফ্ল্যাট থেকে জব্দকৃত মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার কার্যক্রম এখনো চলমান রয়েছে।

দুদক জানায়, কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদ, তাঁর স্ত্রী ও সন্তানদের গুলশানের র‍্যাংকন আইকন টাওয়ারের ফ্ল্যাট নম্বর ১২/এ, ১২/বি, ১৩/এ ও ১৩/বি থেকে জব্দ করা পচনশীল মালামাল, ব্যবহৃত ও অব্যবহৃত কাপড়-চোপড়, তৈজসপত্র এবং রান্নাঘরের সামগ্রী থেকে নিলামের নমুনা সংরক্ষণ করে অবশিষ্ট মালামাল ত্রাণ তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।

আদালতের এ নির্দেশ বাস্তবায়নে দুদক তিন সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটি বর্তমানে মালামাল হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করছে।

দুদক আরও জানায়, এর আগে আদালতের নির্দেশে এসব মালামাল একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয় এবং সে অনুযায়ী একটি প্রকাশ্য নিলাম কমিটিও গঠন করা হয়েছিল। তবে কমিশনের ২৫/২০২৫ নম্বর সভায় বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হয়।

সূত্র জানায়, সভার আলোচনায় উঠে আসে—জনবহুল আবাসিক ভবনে প্রকাশ্য নিলাম আয়োজন করলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি বিপুল পরিমাণ নতুন ও পুরোনো কাপড়-চোপড়সহ অন্যান্য সামগ্রীর তালিকা প্রণয়ন এবং নিলাম প্রক্রিয়া দীর্ঘায়িত হলে অনেক মালামাল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। জনস্বার্থ বিবেচনায় এসব প্রতিবন্ধকতা গুরুত্বসহকারে বিবেচনা করে নিলামযোগ্য মালামালের আলামত নমুনা সংরক্ষণ করে অবশিষ্ট মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত নেয় দুদক।

এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে আদালত নিলামযোগ্য মালামালের প্রয়োজনীয় আলামত নমুনা সংরক্ষণ করে অবশিষ্ট মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করতে এবং এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে নিয়োগপ্রাপ্ত রিসিভার ও দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটকে নির্দেশ দেন।

উল্লেখ্য, জুলাই বিপ্লবের আগেই দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যান বেনজীর আহমেদ। বর্তমানে তিনি স্বপরিবারে স্পেনে অবস্থান করছেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com