বিশেষ প্রতিনিধি :মাহফুজুর রহমান.
রাজধানীর আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও বিস্ফোরকদ্রব্যসহ হিমন নামের এক যুবলীগ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১২টার দিকে আদাবরের একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত হিমন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অন্যতম আসামি আলমগীরের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী।
গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানা পুলিশের একটি বিশেষ দল ওই আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে। এ সময় হিমনের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, কোনো বড় ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে তিনি সেখানে অবস্থান করছিলেন।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, হিমন যুবলীগের একজন সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর শের-ই-বাংলা রোড ও লিংক রোড এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ের নেতৃত্ব দিয়ে আসছিলেন। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামিদের একজন আলমগীরের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত এই হিমন। হাদি হত্যার পরিকল্পনায় বা পরবর্তী কর্মকাণ্ডে তার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত হিমনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া শরিফ ওসমান হাদি হত্যা মামলায় তার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হতে পারে। বর্তমানে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এই চক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।